ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আলবুসাইদি বলেছেন, যুক্তরাষ্ট্র তার নিজের পররাষ্ট্রনীতির ওপরই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্টে লেখা এক নিবন্ধে ওই মন্তব্য করেছেন তিনি।
ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আলবুসাঈদি সতর্ক করে দিয়ে বলেছেন, দেশটিকে এই ‘‘অবাঞ্ছিত জট’’ থেকে মুক্ত করতে ওয়াশিংটনের মিত্রদের সহায়তা করা উচিত। তিনি বলেন, গত ৯ মাসের মধ্যে অন্তত দু’বার যুক্তরাষ্ট্র ও ইরান প্রকৃত চুক্তির দ্বারপ্রান্তে পৌঁছেছিল।
ওমানের এই পররাষ্ট্রমন্ত্রী বলেন, এটি অত্যন্ত দুঃখজনক হলেও বিস্ময়কর নয়, গত ২৮ ফেব্রুয়ারি সবচেয়ে কার্যকর আলোচনার মাত্র কয়েক ঘণ্টা পরই ইসরায়েল ও আমেরিকা আবারও অবৈধ সামরিক হামলা চালিয়ে সেই শান্তি স্থাপনের সম্ভাবনাকে নস্যাৎ করে দিয়েছে।
প্রতিবেশী দেশগুলোতে থাকা আমেরিকান সব লক্ষ্যবস্তুতে ইরানের পাল্টা হামলাকে তিনি ‘অনিবার্য, গভীর অনুশোচনামূলক এবং সম্পূর্ণ অগ্রহণযোগ্য ফলাফল’ হিসেবে অভিহিত করেছেন।
পররাষ্ট্রমন্ত্রী বদর আলবুসাঈদি বলেছেন, ইরান যখন ‘ইসলামিক রিপাবলিক’ বা ইসলামি প্রজাতন্ত্রকে নিশ্চিহ্ন করে দেওয়ার মতো যুদ্ধের মুখোমুখি, তখন ইরানি নেতৃত্বের কাছে সম্ভবত এটিই একমাত্র যৌক্তিক পথ খোলা ছিল।
তিনি বলেন, আমেরিকান প্রশাসনের সবচেয়ে বড় ভুল হিসাব ছিল এই যুদ্ধে নিজেদের জড়িয়ে ফেলা। এটি আমেরিকার যুদ্ধ নয় এবং এমন কোনও সম্ভাবনাও নেই যেখানে ইসরায়েল ও আমেরিকা—উভয়ই এই যুদ্ধ থেকে তাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারবে।
সূত্র: আল জাজিরা।