নিষেধাজ্ঞা প্রত্যাহার

বাজারে আসছে ১৭ কোটি ব্যারেল ইরানি তেল

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে বিশ্ববাজারে জ্বালানি তেলের তীব্র সংকট মেটাতে বড় সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের তেলের ওপর থেকে সাময়িকভাবে এক মাসের জন্য নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে ওয়াশিংটন। এর ফলে সমুদ্রের বিভিন্ন প্রান্তে জাহাজে আটকে থাকা প্রায় ১৭ কোটি (১৭০ মিলিয়ন) ব্যারেল ইরানি তেল এখন বাজারে আসার সুযোগ পাচ্ছে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য জানানো হয়েছে।

জ্বালানি বাজার বিশ্লেষক সংস্থা কেপলারের তথ্য অনুযায়ী, বর্তমানে বিভিন্ন দেশের জলসীমায় ট্যাংকারগুলোতে প্রায় ১৭ কোটি ব্যারেল ইরানি তেল মজুত রয়েছে। তবে পরামর্শক প্রতিষ্ঠান এনার্জি আসপেক্টস-এর মতে, এই তেলের পরিমাণ ১৩ থেকে ১৪ কোটি ব্যারেলের মতো হতে পারে। আগে মার্কিন নিষেধাজ্ঞার কারণে এই তেল খালাস বা বিক্রি করা সম্ভব ছিল না।

নিষেধাজ্ঞা শিথিলের খবরে ভারতসহ এশিয়ার দেশগুলো এই তেল কেনার তোড়জোড় শুরু করেছে। 

উল্লেখ্য, এশিয়ার দেশগুলো তাদের মোট জ্বালানি চাহিদার প্রায় ৬০ শতাংশের জন্য মধ্যপ্রাচ্যের ওপর নির্ভরশীল। কিন্তু সাম্প্রতিক যুদ্ধের প্রণেপথ কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল প্রায় বন্ধ হয়ে যাওয়ায় এ অঞ্চলের শোধনাগারগুলো মারাত্মক সংকটে পড়েছিল এবং উৎপাদন কমিয়ে দিতে বাধ্য হয়েছিল।

এক মাসের জন্য নিষেধাজ্ঞা প্রত্যাহারের ফলে এই বিপুল পরিমাণ তেল বাজারে আসলে আন্তর্জাতিক বাজারে তেলের আকাশচুম্বী দাম কিছুটা হলেও নিয়ন্ত্রণে আসবে। তবে দীর্ঘমেয়াদী সংকটের সমাধান নির্ভর করছে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির ওপর।