সীমান্ত সংঘর্ষে নিজেদের ছোড়া গুলিতে ইসরায়েলি নাগরিক নিহত

লেবানন সীমান্তে হিজবুল্লাহর সঙ্গে চলমান সংঘর্ষের মধ্যে ‘অপারেশনাল ভুল’ করে বসেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। লেবানন লক্ষ্য করে ছোড়া ইসরায়েলি গোলন্দাজ বাহিনীর গোলা লক্ষ্যভ্রষ্ট হয়ে নিজেদের ভূখণ্ডেই আঘাত হেনেছে। এতে ওফার মস্কোভিৎস (৬০) নামে এক ইসরায়েলি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

সোমবার (২৩ মার্চ) এক বিবৃতিতে এই অনাকাঙ্ক্ষিত মৃত্যুর খবর নিশ্চিত করে নিজেদের দায় স্বীকার করেছে ইসরায়েলি সামরিক বাহিনী।

ইসরায়েলি ব্রডকাস্টিং অথরিটির প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর ইসরায়েলের মিসগাভ আম (Misgav Am) এলাকায় এই ঘটনা ঘটে। রবিবার (২২ মার্চ) দক্ষিণ লেবাননে মোতায়েন ইসরায়েলি সেনাদের সহায়তায় একটি গোলন্দাজ ইউনিট ওপার লক্ষ্য করে গোলাবর্ষণ করছিল। সেই সময় কয়েকটি গোলা লক্ষ্যভ্রষ্ট হয়ে মিসগাভ আম কিবুতজ-এর (বসতি) ভেতরে গিয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই ওফার মস্কোভিৎস প্রাণ হারান।

ঘটনার পরপরই ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছিল যে, লেবানন থেকে হিজবুল্লাহর ছোড়া রকেটের আঘাতেই ওই নাগরিকের মৃত্যু হয়েছে। কিন্তু উচ্চপর্যায়ের তদন্তে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। তদন্ত প্রতিবেদনে দেখা গেছে, কোনো হিজবুল্লাহ রকেট নয়, বরং ইসরায়েলি বাহিনীর নিজস্ব গোলার আঘাতেই এই প্রাণহানি ঘটেছে।

আইডিএফ তাদের বিবৃতিতে জানিয়েছে, এ ঘটনায় গুরুতর ত্রুটি ও অপারেশনাল ভুল ছিল। শুধু বাস্তবায়নেই নয়, যুদ্ধের পরিকল্পনা পর্যায়েও বড় ধরনের ঘাটতি ছিল বলে স্বীকার করেছে সেনাবাহিনী। বর্তমানে উত্তর সীমান্তে ইসরায়েলি বাহিনী ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে উত্তেজনা চরম আকার ধারণ করেছে। এমন পরিস্থিতির মধ্যে নিজেদের গোলায় নাগরিক নিহতের ঘটনা ইসরায়েলি কমান্ডের পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন তুলেছে। সূত্র : আল-জাজিরা।