ট্রাম্পের সঙ্গে কোনো আলোচনা হয়নি,  দাবি ইরানের

তেহরান ও ওয়াশিংটনের মধ্যে বর্তমানে কোনো ধরনের আলোচনা চলছে না বলে সাফ জানিয়ে দিয়েছে ইরান। সোমবার (২৩ মার্চ) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিবৃতির বরাতে দেশটির আধা-সরকারি মেহের নিউজ এই তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, তেহরান ও ওয়াশিংটনের মধ্যে কোনো সংলাপ হয়নি; বরং ডোনাল্ড ট্রাম্প ইচ্ছাকৃতভাবে ‘সময়ক্ষেপণ’ করতে চাইছেন ও জ্বালানির বাজারে দাম কমানোর লক্ষ্যেই ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সংলাপ হয়েছে বলে মন্তব্য করেছেন।

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্য তার সম্ভাব্য সামরিক পরিকল্পনা বাস্তবায়নের জন্য সময় নেওয়ার কৌশল। একই সঙ্গে আঞ্চলিক কিছু দেশের পক্ষ থেকে উত্তেজনা কমানোর উদ্যোগ থাকলেও, তেহরানের মতে, এ বিষয়ে মূল দায় ওয়াশিংটনের, ‘যারা এই সংঘাতের সূচনা করেছে’।

অন্যদিকে ট্রাম্প দাবি করেছেন, গত দুই দিনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ‘খুবই ভালো ও ফলপ্রসূ আলোচনা’ হয়েছে, যার ফল হিসেবে তিনি ইরানের জ্বালানি অবকাঠামোর ওপর সম্ভাব্য মার্কিন হামলা পাঁচ দিনের জন্য স্থগিত রেখেছেন।

এদিকে ইরানের ন্যাশনাল ডিফেন্স কাউন্সিল সতর্ক করে জানিয়েছে, ইরানের উপকূল বা দ্বীপে হামলার চেষ্টা হলে পারস্য উপসাগরের সব যোগাযোগপথে মাইন পেতে দেয়া হবে। একই সঙ্গে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেয়ার জন্য ট্রাম্পের দেয়া সময়সীমাও আজ শেষ হচ্ছে।

বিশ্লেষকদের মতে, দুই পক্ষের বিপরীত বক্তব্য পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলছে এবং যে কোনো মুহূর্তে এটি বড় আকারের সংঘাতে রূপ নিতে পারে।