মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে ইসরায়েলের ওপর নজিরবিহীন আক্রমণ শুরু করেছে ইরান। মঙ্গলবার (২৩ মার্চ) দিবাগত মধ্যরাত থেকে মাত্র ১০ ঘণ্টার ব্যবধানে ইসরায়েলের বিভিন্ন প্রান্তে অন্তত ৭ দফায় শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরান। এই হামলায় ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেল আবিব এবং পারমাণবিক কেন্দ্রের শহর হিসেবে পরিচিত ডিমোনা লণ্ডভণ্ড হয়ে গেছে।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, ইরানের সপ্তম তথা সর্বশেষ দফার ক্ষেপণাস্ত্রগুলো সরাসরি ডিমোনা শহরে আঘাত হেনেছে। এছাড়া তেল আবিবসহ ইসরায়েলের মধ্যাঞ্চলের শহরগুলোতে মুহুর্মুহু বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, তেল আবিবের আকাশ কালো ধোঁয়ায় ঢেকে গেছে এবং ক্ষতিগ্রস্ত ভবনগুলোতে দাউদাউ করে আগুন জ্বলছে। হামলার পর পর আক্রান্ত এলাকাগুলোতে জরুরি উদ্ধারকারী দল পাঠিয়েছে আইডিএফ।
এদিকে, ইরানের এই ভয়াবহ আক্রমণের জবাবে ইসরায়েলও পাল্টা হামলা অব্যাহত রেখেছে। মঙ্গলবার রাতে ইসরায়েলি বিমান বাহিনী ইরানের অভ্যন্তরে অন্তত ৫০টি লক্ষ্যবস্তুতে বোমা বর্ষণ করেছে।
তেল আবিবের দাবি, তারা ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র এবং গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলো গুঁড়িয়ে দিতে এই অভিযান চালিয়েছে।
আইডিএফ আরও জানিয়েছে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত তারা ইরানের ভেতরে ৩ হাজারেরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা সম্পন্ন করেছে। সংঘাতের এই চরম পর্যায়ে দুই দেশই কেউ কাউকে ছাড় দিতে নারাজ, যার ফলে পুরো মধ্যপ্রাচ্য এখন এক অনিয়ন্ত্রিত ভয়াবহতার দিকে ধাবিত হচ্ছে। সূত্র: সিএনএন।