আইআরজিসির গোয়েন্দা সদর দপ্তরে হামলার দাবি ইসরায়েলের

ইরানের রাজধানী তেহরানে অবস্থিত ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) দুটি প্রধান গোয়েন্দা সদর দফতর এবং দেশটির গোয়েন্দা মন্ত্রণালয়ের একটি কার্যালয়ে বড় ধরনের বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। মঙ্গলবার (২৩ মার্চ) রাতে চালানো এই অভিযানে তেহরানসহ উত্তর ও মধ্য ইরানের অন্তত ৫০টি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তু গুঁড়িয়ে দেওয়ার দাবি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

আইডিএফ এক বিবৃতিতে জানিয়েছে, রাতভর অভিযানে আইআরজিসির গোয়েন্দা কেন্দ্রের পাশাপাশি ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মজুত করার ভূগর্ভস্থ স্থাপনা, লঞ্চিং সাইট এবং নীতিনির্ধারণী অফিসগুলোতে নিখুঁতভাবে আঘাত হানা হয়েছে। ইসরায়েলের দাবি, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে তারা ইরানের ৪৭০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র লঞ্চারের মধ্যে ৩৩০টিই ধ্বংস বা অকেজো করতে সক্ষম হয়েছে। অনেক লঞ্চার এখন মাটির নিচের টানেলে আটকা পড়েছে, কারণ বিমান হামলায় সেগুলোর প্রবেশপথ ধ্বংস করে দেওয়া হয়েছে।

ইসরায়েলি হামলার জবাবে ইরানও পাল্টা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। মঙ্গলবার সকালে ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেল আবিবের একটি জনবহুল এলাকায় ১০০ কেজি বিস্ফোরক সমৃদ্ধ একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এতে তিনটি ভবন ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং চারজন ইসরায়েলি নাগরিক আহত হয়েছেন।

সংঘাতের এই চরম উত্তেজনার মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তার প্রশাসন গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই যুদ্ধ বন্ধের জন্য কূটনৈতিক আলোচনা চালিয়ে যাচ্ছে। তবে ট্রাম্পের এই আলোচনার বার্তার মাঝেই তেহরানে আইআরজিসির প্রধান নিরাপত্তা সদর দফতরে নতুন করে হামলা চালায় ইসরায়েলি বিমান বাহিনী। তেল আবিবের সাফ কথা- ইরানের হাতে থাকা অবশিষ্ট ১৫০টি ক্ষেপণাস্ত্র লঞ্চার পুরোপুরি ধ্বংস না করা পর্যন্ত তাদের ‘অপারেশন’ থামবে না। সূত্র: টাইমস অব ইসরায়েল