ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ফের হামলা

ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে মঙ্গলবার (২৪ মার্চ) রাতে একটি প্রজেক্টাইল ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে, এমন দাবি করেছে তেহরান। তবে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা জানিয়েছে, এতে স্থাপনাটির কোনো ক্ষতি হয়নি এবং কেউ আহত হননি।

মধ্যপ্রাচ্যের টানটান উত্তেজনার মধ্যে এমন খবর মুহূর্তেই বাড়িয়ে দেয় শঙ্কা। কারণ বুশেহরই ইরানের একমাত্র বাণিজ্যিক পারমাণবিক স্থাপনা যা আংশিকভাবে পরিচালিত হয় রাশিয়ার সহযোগিতায়। 

আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা স্পষ্ট করেছে, আঘাতের দাবি উঠলেও স্থাপনাটি অক্ষত রয়েছে এবং স্বাভাবিক কার্যক্রমে কোনো বিঘ্ন ঘটেনি। তবু উদ্বেগ পুরোপুরি কাটেনি।

ইরানে হামলার শুরু থেকেই এই পারমাণবিক স্থাপনা নিয়ে বাড়তি সতর্কতা জারি করা হয়েছে। যুদ্ধ পরিস্থিতিতে বুশেহর সবচেয়ে ঝুঁকিপূর্ণ লক্ষ্যগুলোর একটি। এখানে বড় ধরনের হামলা হলে বিপুল পরিমাণ তেজস্ক্রিয় পদার্থ ছড়িয়ে পড়তে পারে, যার প্রভাব সীমান্ত পেরিয়ে ছড়িয়ে পড়বে পুরো উপসাগরীয় অঞ্চলে। সুত্র: দ্য টেলিগ্রাফ