আইআরজিসি নৌবাহিনীর প্রধান নিহত: দাবি ইসরায়েলের

ইরানের বন্দর আব্বাসে এক হামলায় ইসলামি বিপ্লবী বাহিনীর (আইআরজিসি) নৌবাহিনীর কমান্ডার আলিরেজা তাংসিরি নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরায়েল। দেশটির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, হরমুজ প্রণালি বন্ধ করে দেয়ার জন্য তাংসিরি দায়ী ছিলেন।

তবে হামলা নিয়ে ইরান বা ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে এখনও কোনো মন্তব্য করা হয়নি। এদিকে ইসরায়েলি সেনাবাহিনী ঘোষণা করেছে, দক্ষিণ লেবাননে গত রাতে হিজবুল্লাহ সদস্যদের সঙ্গে গোলাগুলি বিনিময়ে আইডিএফের এক সেনা নিহত হয়েছেন।

টাইমস অব ইসরায়েলের খবরে বলা হয়, নিহত সেনার নাম স্টাফ সার্জেন্ট ওরি গ্রিনবার্গ (২১), তিনি পেতাহ টিকভার বাসিন্দা এবং গোলানি ব্রিগেডের রিকনেসান্স ইউনিটের সদস্য ছিলেন। দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের নতুন করে শুরু হওয়া স্থল অভিযানে নিহত হওয়া তিনি তৃতীয় আইডিএফ সেনা।

আইডিএফের প্রাথমিক তদন্ত অনুযায়ী, বৃহস্পতিবার ভোর ২টার দিকে গোলানি সেনারা দক্ষিণ লেবাননে তাদের অভিযান এলাকায় বেশ কয়েকজন হিজবুল্লাহ সদস্যকে শনাক্ত করে। সেনারা হিজবুল্লাহ বন্দুকধারীদের সাথে গুলি বিনিময় করলে, একপর্যায়ে গ্রিনবার্গ নিহত হন এবং আরেকজন সেনা আহত হন।