ইরান ও লেবাননের বিরুদ্ধে একযোগে একাধিক সম্মুখসারিতে যুদ্ধ পরিচালনা করতে গিয়ে সেনা সংকটে পড়েছে ইসরায়েলি বাহিনী। এই পরিস্থিতি অব্যাহত থাকলে সেনাবাহিনী কার্যত ‘ভেঙে’ পড়তে পারে বলে সতর্ক করেছেন দেশটির সেনাপ্রধান ইয়াল জামির।
বুধবার (২৫ মার্চ) ইসরায়েলের মন্ত্রিসভার নিরাপত্তাবিষয়ক কমিটির বৈঠকে তিনি এ সতর্কবার্তা দেন। দেশটির গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বৈঠকে উপস্থিত হয়ে জামির বলেন, 'আমি আপনাদের সামনে ১০টি লাল পতাকা তুলছি' ইঙ্গিত করে যে পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যাচ্ছে। তার ভাষায়, জনবলের ঘাটতি এমন পর্যায়ে পৌঁছাচ্ছে যে খুব শিগগিরই সেনাবাহিনী নিয়মিত অভিযান পরিচালনার সক্ষমতাও হারাতে পারে।
বর্তমান বাস্তবতায় সেনাবাহিনীর ওপর চাপ ক্রমেই বাড়ছে। একাধিক ফ্রন্টে দীর্ঘমেয়াদি মোতায়েন, টানা অভিযান এবং জনবল পুনর্বিন্যাস সব মিলিয়ে কার্যক্ষমতায় প্রভাব পড়ছে বলে মনে করা হচ্ছে।
এই প্রেক্ষাপটে মন্ত্রিসভার বৈঠকে বেশ কয়েকটি সুপারিশও তুলে ধরেন সেনাপ্রধান। তিনি সেনা নিয়োগ আইন প্রণয়ন, প্রাক্তন সেনাদের পুনরায় দায়িত্বে ফেরানোর বিধান এবং বাধ্যতামূলক সামরিক সেবার সময়সীমা বাড়ানোর প্রস্তাব দেন। সূত্র: আলজাজিরা