ইরানের ঐতিহাসিক ও ধর্মীয় শহর কোমে বড় ধরনের বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনী। গতরাতে শহরের একটি জনবহুল আবাসিক এলাকায় চালানো এই হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৮ জনে দাঁড়িয়েছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এবং ইরানের স্থানীয় গণমাধ্যম এই তথ্য নিশ্চিত করেছে।
ইরানের ফার্স নিউজ এজেন্সি এবং তাসনিম জানিয়েছে, কোমের ‘পার্দিসান’ নামক একটি আবাসিক এলাকা লক্ষ্য করে এই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। শুরুতে ৬ জন নিহতের খবর পাওয়া গেলেও ধ্বংসস্তূপ থেকে আরও মরদেহ উদ্ধারের পর এই সংখ্যা ১৮-তে পৌঁছায়। এই ঘটনায় নারী ও শিশুসহ আরও অন্তত ১০ জন গুরুতর আহত হয়েছেন।
ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, উদ্ধারকারী দলগুলো দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করেছে। তারা স্পষ্ট করেছে যে, এলাকাটি সম্পূর্ণ বেসামরিক এবং সেখানে কোনো সামরিক স্থাপনা ছিল না।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানে মার্কিন-ইসরায়েলি যৌথ সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে দেশজুড়ে নিহতের মিছিল ক্রমান্বয়ে দীর্ঘ হচ্ছে।
রেড ক্রিসেন্টের তথ্যমতে, গত এক মাসে নিহতের সংখ্যা ১ হাজার ৯০০ ছাড়িয়েছে। তবে কিছু সূত্রের দাবি, চলমান এই রক্তক্ষয়ী সংঘাতের প্রভাবে ইতিমধ্যে ২০ হাজারেরও বেশি ইরানি প্রাণ হারিয়েছেন। পুরো দেশটিতে এখন এক বিভীষিকাময় পরিস্থিতি বিরাজ করছে। সূত্র: আলজাজিরা