দুবাইয়ের বুর্জ খলিফার উপর ভয়াবহ বজ্রপাত

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে প্রবল ঝড়-বৃষ্টির মধ্যে এক অভাবনীয় দৃশ্যের সাক্ষী হয়েছে বিশ্ববাসী। শুক্রবার (২৭ মার্চ) রাতে বৃষ্টির সময় বিশ্বের সর্বোচ্চ ভবন বুর্জ খলিফার ঠিক চূড়ায় আছড়ে পড়েছে একটি শক্তিশালী ও বিশাল বজ্রপাত। মহাজাগতিক এই রোমাঞ্চকর দৃশ্যটি ক্যামেরায় বন্দি হওয়ার পর মুহূর্তেই তা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়।

সংযুক্ত আরব আমিরাতের আবহাওয়া দপ্তর জানিয়েছে, শুক্রবার রাতে দুবাই ছাড়াও রাজধানী আবুধাবি এবং শারজাহসহ দেশের বিভিন্ন অঞ্চলে প্রবল বজ্রঝড় ও বৃষ্টিপাত হয়েছে। আশেপাশের এলাকা থেকে ধারণ করা ভিডিওতে দেখা যায়, পুরো আকাশ অন্ধকার করে আসা মেঘের বুক চিরে একটি উজ্জ্বল বিদ্যুতের রেখা সরাসরি বুর্জ খলিফার ওপর আঘাত হানছে।

১৬৩ তলা এবং ২ হাজার ৭৭২ ফুট উচ্চতার এই আকাশচুম্বী ভবনের চূড়ায় এমন বজ্রপাত হওয়া স্বাভাবিক ঘটনা হলেও, এতে কোনো ক্ষয়ক্ষতি না হওয়ার পেছনে রয়েছে আধুনিক প্রকৌশলবিদ্যার ম্যাজিক। বুর্জ খলিফার চূড়ায় একটি উন্নত ‘লাইটেনিং রড’ (বজ্র নিরোধক দণ্ড) বসানো আছে, যার সংযোগ সরাসরি মাটির গভীরে। বজ্রপাত হলে সেই রড বিদ্যুৎ প্রবাহকে টেনে নেয় এবং তা নিরাপদে মাটিতে পাঠিয়ে দেয়। এ ছাড়া ভবনটির ইস্পাত ও সুদৃঢ় অবকাঠামো এমনভাবে তৈরি যা বিদ্যুতচৌম্বকীয় তরঙ্গ মোকাবিলা করতে সক্ষম।

দুবাইয়ের রিয়েল এস্টেট কোম্পানি ‘এমার প্রোপার্টিজ’-এর মালিকানাধীন এই আইকনিক ভবনটির নামে ১৫০ কোটি মার্কিন ডলারের বিমা করা আছে। পর্যটকদের প্রধান আকর্ষণ এই ভবনটি আবারও প্রমাণ করল যে, উচ্চতার পাশাপাশি এটি নিরাপত্তার দিক থেকেও বিশ্বের অন্যতম সেরা প্রকৌশল নিদর্শন।

সূত্র: গালফ নিউজ