যুদ্ধের উত্তাপে যখন মধ্যপ্রাচ্য অস্থির, তখনই আলোচনার পথ খুলে দিতে ‘আস্থা তৈরির’ ওপর জোর দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে প্রায় এক ঘণ্টার ফোনালাপে তিনি এই বার্তা দেন।
পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় জানায়, ইরানের ওপর ইসরায়েলের চলমান হামলার প্রেক্ষাপটে শেহবাজ শরিফের কূটনৈতিক উদ্যোগের প্রশংসা করেছেন পেজেশকিয়ান। তার ভাষায়, আলোচনার টেবিলকে কার্যকর করতে হলে আগে দরকার পারস্পরিক বিশ্বাসের ভিত্তি গড়ে তোলা।
ইরানি প্রেসিডেন্ট স্পষ্ট করে বলেন, মধ্যস্থতা সফল করতে আস্থা তৈরি অনিবার্য। একই সঙ্গে আঞ্চলিক শান্তি রক্ষায় পাকিস্তানের সহযোগিতামূলক ভূমিকাকে স্বাগত জানিয়ে তিনি ধন্যবাদ জানান শেহবাজ শরিফকে।
জবাবে পাকিস্তানের প্রধানমন্ত্রীও ইতিবাচক সুরে প্রতিক্রিয়া জানান। তিনি আশ্বস্ত করেন, আঞ্চলিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে ইসলামাবাদ তার গঠনমূলক প্রচেষ্টা অব্যাহত রাখবে।
এর আগে, একই ফোনালাপে ইরানের বেসামরিক অবকাঠামোতে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানান শেহবাজ শরিফ। এতে প্রাণ হারানো এক হাজার নয়শোর বেশি মানুষের জন্য গভীর শোকও প্রকাশ করেন তিনি। সূত্র: ডন