ইরানের উচ্চশিক্ষা কেন্দ্রগুলোতে সাম্প্রতিক হামলার প্রতিশোধ নিতে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ও ইসরায়েল-সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলোকে লক্ষ্যবস্তু করার ঘোষণা দিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। রোববার (২৯ মার্চ) এক বিবৃতিতে আইআরজিসি এই হুঁশিয়ারি প্রদান করে।
আইআরজিসি জানিয়েছে, তেহরানের ‘ইরান ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি’সহ বেশ কিছু ইরানি শিক্ষা প্রতিষ্ঠান হামলার শিকার হয়েছে। এর পাল্টা জবাব হিসেবে তারা ওই অঞ্চলের দুটি নির্দিষ্ট প্রতিষ্ঠানকে "বৈধ লক্ষ্যবস্তু" হিসেবে ঘোষণা করেছে। আইআরজিসি সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থী, কর্মচারী এবং নিকটস্থ বাসিন্দাদের ক্যাম্পাস থেকে অন্তত এক কিলোমিটার দূরে অবস্থান করার জন্য সতর্কবার্তা দিয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, যুক্তরাষ্ট্রকে আগামী ৩০ মার্চের মধ্যে আনুষ্ঠানিকভাবে ইরানি বিশ্ববিদ্যালয়গুলোতে হামলার নিন্দা জানাতে হবে। যদি এই শর্ত পূরণ না হয়, তবে হামলার আওতা আরও বাড়ানো হবে বলে হুমকি দেওয়া হয়েছে। আইআরজিসি স্পষ্ট করে বলেছে, "যদি যুক্তরাষ্ট্র ওই অঞ্চলে তাদের বিশ্ববিদ্যালয়গুলোর ওপর হামলা ঠেকাতে চায়, তবে তাদের মিত্র বাহিনীকে ইরানি গবেষণা ও শিক্ষা কেন্দ্রে হামলা চালানো থেকে বিরত রাখতে হবে।"
উল্লেখ্য, কাতার ও সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে টেক্সাস এঅ্যান্ডএম, নর্থওয়েস্টার্ন এবং নিউ ইয়র্ক ইউনিভার্সিটির মতো শীর্ষস্থানীয় মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোর শাখা ক্যাম্পাস রয়েছে। এই হুমকির ফলে ওই অঞ্চলের আন্তর্জাতিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নতুন করে আতঙ্ক ও নিরাপত্তা উদ্বেগ দেখা দিয়েছে। সূত্র: সিএনএন