যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নাকচ, কঠোর অবস্থানে তেহরান

মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে চলমান আলোচনার খবর সরাসরি নাকচ করে দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, ওয়াশিংটনের সাথে কোনো ধরনের সমঝোতা বা আলোচনা চলছে না। আমেরিকার দাবি ছিল আলোচনা ফলপ্রসূ হচ্ছে এবং ইরান প্রস্তাবিত ১৫টি পয়েন্টের অধিকাংশ মেনে নিয়েছে; কিন্তু বাঘাই এই দাবিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন।

মঙ্গলবার (৩১ মার্চ) সকালে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানায় কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

ইরানি কর্মকর্তাদের বরাতে আলজাজিরা জানায়, মধ্যস্থতাকারীদের মাধ্যমে কিছু বার্তা আদান-প্রদান হলেও আমেরিকার দেওয়া ১৫টি শর্তকে তারা ‘নন-স্টার্টার’ বা অগ্রহণযোগ্য বলে মনে করছেন। ইরানের দাবি, এই শর্তগুলো তাদের জাতীয় অখণ্ডতা ও সার্বভৌমত্বের পরিপন্থী। বিশেষ করে পরমাণু কর্মসূচি ত্যাগ এবং হরমুজ প্রণালীর ওপর নিয়ন্ত্রণ ছেড়ে দেওয়ার মতো দাবিগুলো ইরান কোনোভাবেই মেনে নেবে না।

এদিকে পাল্টা অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্রও। ইরান তাদের পক্ষ থেকে পাঁচটি দাবি পেশ করেছে, যার মধ্যে উপসাগরীয় অঞ্চল থেকে মার্কিন সামরিক ঘাঁটি সরিয়ে নেওয়ার আহ্বান জানানো হয়েছে। ওয়াশিংটন এই দাবিগুলোকে চরমপন্থী হিসেবে দেখছে। এতে বর্তমান পরিস্থিতিতে দুই পক্ষের মধ্যে বিশাল ব্যবধান তৈরি হয়েছে। 

ইরান জানিয়েছে, তারা আলোচনার চেয়ে জাতীয় প্রতিরক্ষা নিশ্চিত করতেই বেশি মনোযোগী। এরই অংশ হিসেবে তারা ইসরায়েলসহ আঞ্চলিক বিভিন্ন লক্ষ্যবস্তুতে নিয়মিত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে। সম্প্রতি ইরানি নৌবাহিনী তাদের ৮৭তম দফার হামলা পরিচালনা করেছে। এই পদক্ষেপকে ডোনাল্ড ট্রাম্পের প্রতি একটি কড়া বার্তা হিসেবে দেখা হচ্ছে, যিনি দাবি করেছিলেন যে যুদ্ধের শুরুতেই ইরানি নৌবাহিনী পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। সূত্র: আলজাজিরা