ভেতর থেকেই ভেঙে পড়বে ইরানের সরকার, আশাবাদী নেতানিয়াহু

ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ নিয়ে নতুন তথ্য দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মার্কিন নেটওয়ার্ক 'নিউজম্যাক্স'-কে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, ''যুদ্ধটি অবশ্যই এখন অর্ধেকের বেশি পথ পেরিয়ে এসেছে। তবে আমি এর কোনো সময়সীমা নির্ধারণ করতে চাই না।"

মঙ্গলবার (৩১ মার্চ) সকালে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রকাশিত লাইভ আপডেটে এ খবর জানা গেছে।

নেতানিয়াহু আরও বলেন, বর্তমানে তাদের প্রধান লক্ষ্য ইরানের সক্ষমতা কমিয়ে দেওয়া। ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক সক্ষমতা ধ্বংস করার পাশাপাশি ইরানকে ভেতর থেকে দুর্বল করে দেওয়া।

নেতানিয়াহু বিশ্বাস করেন, ইরানের বর্তমান শাসনব্যবস্থা শেষ পর্যন্ত ভেতর থেকেই ভেঙে পড়বে। যদিও তিনি উল্লেখ করেছেন যে, সরকারের পতন ঘটানো এই যুদ্ধের সরাসরি ঘোষিত লক্ষ্য নয়।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একদিকে যেমন চুক্তির ইঙ্গিত দিচ্ছেন, অন্যদিকে ইরানের জ্বালানি কেন্দ্রগুলোতে নতুন করে সামরিক হামলার হুমকি দিয়ে রেখেছেন। এই পরিস্থিতিতে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলো ওয়াশিংটনকে যুদ্ধ চালিয়ে যাওয়ার অনুরোধ করেছে। তাদের মতে, ইরান এখনো যথেষ্ট দুর্বল হয়নি।

তবে কাতার ও ওমানের মতো দেশগুলো যুদ্ধের দ্বিতীয় মাসেই কূটনৈতিক সমাধানের আহ্বান জানিয়েছে। সূত্র: বিবিসি