ইসরায়েলি হামলায় নিহত ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌ-প্রধান অ্যাডমিরাল আলিরেজা তাংসিরির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দেশটির ‘অ্যাসেম্বলি অব এক্সপার্টস’-এর চেয়ারম্যান মোহাম্মদ আলী মোভাহেদী কেরমানি। ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, আগামী সোমবার নিহত এই নৌ-কমান্ডারের জানাজা অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (৩১ মার্চ) সকালে এ তথ্য জানায় কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।
প্রতিবেদনে জানা গেছে এক শোকবার্তায় কেরমানি বলেন, তাংসিরির শাহাদাত ইরানের বীর সন্তানদের সাহসিকতার ইতিহাসে আরেকটি নতুন অধ্যায় যুক্ত করলো। তিনি আরও উল্লেখ করেন যে, অ্যাডমিরাল তাংসিরি তার ফলপ্রসূ জীবনের পুরোটা সময় প্রিয় মাতৃভূমির জলসীমা রক্ষা এবং শত্রু বাহিনীর বিরুদ্ধে নৌ-যুদ্ধের আধুনিক প্রযুক্তি উদ্ভাবনে ব্যয় করেছেন।
কেরমানি জোর দিয়ে আরও বলেন, এই কমান্ডারের শাহাদাত ইরানের জন্য যেমন "গর্ব ও সম্মানের", তেমনি এটি দেশের "অহংকারী ও আগ্রাসীদের" বিরুদ্ধে জনগণের ঐক্যকে আরও সুসংহত করবে। বর্তমান আঞ্চলিক উত্তপ্ত পরিস্থিতির মধ্যে এই শীর্ষ নৌ- কর্মকর্তার মৃত্যু ইরানের সামরিক ও রাজনৈতিক মহলে বড় ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।