লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলীয় জনবহুল এলাকা 'জনাহ'-তে এক ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। আবাসিক এলাকায় চালানো এই হামলাটি মূলত একটি 'টার্গেটেড অ্যাসাসিনেশন' বা লক্ষ্যভেদী হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। বুধবার (১ এপ্রিল) এই হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে।
নিরাপত্তা সূত্রের বরাতে জানা গেছে, পূর্ববর্তী হামলাগুলোর মতো কোনো নির্দিষ্ট অ্যাপার্টমেন্ট নয়, বরং এবার চলন্ত যানবাহন লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। ঘটনাস্থলের পাশে একটি স্কুল থাকায় রাস্তায় অনেক গাড়ি পার্ক করা ছিল, যেখানে অনেক বাস্তুচ্যুত মানুষ আশ্রয় নিয়েছিলেন। ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে যে, তারা হিজবুল্লাহর একজন ঊর্ধ্বতন কমান্ডারকে লক্ষ্য করে এই হামলা চালিয়েছে। তবে হিজবুল্লাহ এখন পর্যন্ত এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি।
লেবাননের বর্তমান পরিস্থিতি অত্যন্ত নাজুক। সম্প্রতি ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ ঘোষণা করেছেন যে, লেবানন সীমান্ত সংলগ্ন গ্রামগুলোর সমস্ত বাড়িঘর ধ্বংস করার পরিকল্পনা করছে তাদের সেনাবাহিনী। যদিও মাঠ পর্যায়ের তথ্য অনুযায়ী, অনেক সীমান্ত গ্রাম ইতোমধ্যে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে।
হিজবুল্লাহর পক্ষ থেকে বর্তমানে আনুষ্ঠানিকভাবে কোনো যোদ্ধার মৃত্যুর খবর প্রকাশ করা হচ্ছে না। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে শোকাহত পরিবারগুলোর পোস্ট থেকে অনেক যোদ্ধার মৃত্যুর বিষয়টি সামনে আসছে। বৈরুতের প্রাণকেন্দ্রে এই ধরণের লক্ষ্যভেদী হামলা সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি করেছে।