ইয়েমেনের ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা ইসরায়েলে তৃতীয় দফায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। বুধবার সকালে দক্ষিণ ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দায় স্বীকার করেছে গোষ্ঠীটি।
ইরান ও হিজবুল্লাহর সঙ্গে সমন্বয় করে এ অভিযান চালানো হয়েছে বলে দাবি করেছেন হুথি গোষ্ঠীর এক মুখপাত্র।
এক বিবৃতিতে হুতিরা জানান, ইরান ও লেবাননের হিজবুল্লাহর সঙ্গে মিলে তারা চলতি যুদ্ধে তাদের তৃতীয় ক্ষেপণাস্ত্র হামলাটি চালিয়েছে।
তেহরান সমর্থিত এই গোষ্ঠীটি বলেছে, তারা একঝাঁক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ‘ইসরায়েলি শত্রুদের স্পর্শকাতর লক্ষ্যবস্তু’ লক্ষ্য করে তৃতীয় এই সামরিক অভিযান পরিচালনা করেছে।
লেবানন, ইরান, ইরাক এবং দখলকৃত পশ্চিম তীর ও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত থাকলে পরিস্থিতি আরও ‘ভয়াবহ’ করে তোলার হুমকি দিয়েছে গোষ্ঠীটি।
ইসরায়েলি সেনাবাহিনী ইয়েমেন থেকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মাঝপথে ধ্বংস করার প্রায় তিন ঘণ্টা পর হুতিদের এ বিবৃতি এল। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।