ইরান থেকে উত্তর ইসরায়েল লক্ষ্য করে ছোঁড়া ক্ষেপণাস্ত্র হামলায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২। দেশটির প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ক্ষেপণাস্ত্রগুলো সফলভাবে প্রতিহত করা হয়েছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরায় প্রকাশিত লইভ আপডেটে এ খবর জানা গেছে।
প্রতিবেদনে জানা গেছে, এদিকে হামলার পর সাধারণ মানুষকে নিরাপদ আশ্রয়ে থাকার যে নির্দেশনা দেওয়া হয়েছিল, পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় ইসরায়েলি হোম ফ্রন্ট কমান্ড সেটি প্রত্যাহার করে নিয়েছে।
অন্যদিকে, ইরানের আধা-সরকারি সংবাদসংস্থা তাসনিম নিউজ এক চাঞ্চল্যকর দাবি করেছে। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, ডোনাল্ড ট্রাম্প ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংস করার ঘোষণা দেওয়ার পরপরই তেহরান এই নতুন দফার ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে। মূলত নিজেদের সামরিক শক্তি ও সক্ষমতা প্রমাণের লক্ষ্যেই এই পদক্ষেপ নিয়েছে ইরান।
বর্তমানে মধ্যপ্রাচ্যের এই পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত। ইসরায়েল দাবি করেছে যে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অধিকাংশ ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে সক্ষম হয়েছে, যার ফলে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা হতাহত এড়ানো সম্ভব হয়েছে। তবে ইরানের পক্ষ থেকে এই হামলাকে একটি শক্ত জবাব হিসেবে দেখা হচ্ছে। সাধারণ নাগরিকদের আতঙ্ক কাটলেও সামরিক বাহিনীগুলো উচ্চ সতর্কতায় রয়েছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন, ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্য এবং ইরানের এই তাৎক্ষণিক প্রতিক্রিয়া অঞ্চলটিতে নতুন করে উত্তেজনার পারদ বাড়িয়ে দিয়েছে। দুই দেশের এই পাল্টাপাল্টি অবস্থানে বিশ্বনেতারা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। সূত্র: আলজাজিরা