সৌদির ক্রাউন প্রিন্সের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ

ইরানের সাথে চলমান ভয়াবহ যুদ্ধ এবং সম্ভাব্য যুদ্ধবিরতির বিষয়ে সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের (এমবিএস) সঙ্গে টেলিফোনে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল ১ এপ্রিল এই ফোনালাপ অনুষ্ঠিত হয় বলে মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস জানিয়েছে। সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প সৌদি যুবরাজকে যুদ্ধবিরতির আলোচনার অগ্রগতি সম্পর্কে অবহিত করেছেন।

বার্তাসংস্থা আনাদোলু জানিয়েছে, যুক্তরাষ্ট্র পাকিস্তানের মধ্যস্থতায় ইরানের কাছে কিছু প্রস্তাব পাঠিয়েছে। এই প্রস্তাবগুলোর মধ্যে ইরানের পারমাণবিক কর্মসূচি, ব্যালিস্টিক মিসাইল প্রোগ্রাম এবং হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব পেয়েছে। তবে ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। 

তেহরানের দাবি, মধ্যস্থতাকারীদের মাধ্যমে কেবল সংক্ষিপ্ত বার্তা আদান-প্রদান হয়েছে এবং যুক্তরাষ্ট্রের দেওয়া শর্তগুলোকে তারা ‘অবাস্তব ও বাড়াবাড়ি’ বলে অভিহিত করেছে।

গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানে অন্তত ১ হাজার ৩০০ নাগরিক নিহত হয়েছেন। এর জবাবে ইরান ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করলে এখন পর্যন্ত ১৩ জন মার্কিন সেনা নিহত হওয়ার খবর পাওয়া গেছে। যুদ্ধের প্রভাবে বিশ্বজুড়ে জ্বালানি তেলের দাম আকাশচুম্বী হয়েছে এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল বন্ধ হয়ে গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ট্রাম্প এখন আঞ্চলিক শক্তিগুলোর সঙ্গে দৌড়ঝাঁপ শুরু করেছেন। সূত্র: আনাদোলু