ইরানকে ঘিরে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাত অব্যাহত থাকলে পারস্য উপসাগরের কৌশলগত গুরুত্বপূর্ণ জলপথ ‘হরমুজ প্রণালি’ কখনোই স্থিতিশীল থাকবে না এমন সতর্কবার্তা দিয়েছে চীন।
বৃহস্পতিবার (২ এপ্রিল) দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানায়, এ মন্তব্য করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।
সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদের সঙ্গে এক ফোনালাপে তিনি এ কথা বলেন। একইসঙ্গে তিনি দ্রুত যুদ্ধবিরতির আহ্বান জানান।
ওয়াং ই বলেন, হরমুজ প্রণালি দিয়ে নৌ-চলাচল ইরান যুদ্ধের একটি পরোক্ষ প্রভাবের মধ্যে পড়েছে। যুদ্ধ চলমান থাকলে এই গুরুত্বপূর্ণ জলপথে স্থিতিশীলতা ফিরবে না বলেও তিনি উল্লেখ করেন।
এর আগে মঙ্গলবার বেইজিংয়ে পাকিস্তান ও চীনের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক শেষে দেওয়া এক যৌথ বিবৃতিতে মধ্যপ্রাচ্যে অবিলম্বে যুদ্ধবিরতি এবং হরমুজ প্রণালিতে স্বাভাবিক নৌ-চলাচল নিশ্চিত করার দাবি জানানো হয়।
বর্তমানে ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত পঞ্চম সপ্তাহে গড়িয়েছে, যা বৈশ্বিক জ্বালানি তেলের সরবরাহ এবং সামুদ্রিক বাণিজ্যে বড় ধরনের অস্থিরতা সৃষ্টি করেছে।
শুরু থেকেই চীন এ যুদ্ধের বিরোধিতা করে আসছে এবং আলোচনার মাধ্যমে সংকট সমাধানের ওপর গুরুত্বারোপ করে আসছে।