ইরানের রাজধানী তেহরানে অবস্থিত শহীদ বেহেশতি বিশ্ববিদ্যালয়ে শুক্রবার (৩ এপ্রিল) মার্কিন–ইসরায়েলি যৌথ হামলার খবর পাওয়া গেছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, রাজধানীর উত্তরে অবস্থিত এই গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠানকে লক্ষ্য করে হামলা চালানো হয়।
প্রতিবেদনে বলা হয়, হামলার সময় বিশ্ববিদ্যালয় এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং আশপাশের এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা যায়। ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা না গেলেও ঘটনাটি রাজধানীতে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।
এর আগে একই ধরনের হামলা চালানো হয়েছিল ইরানের একটি সামরিক বিশ্ববিদ্যালয়েও, যেখানে প্রশিক্ষণরত সদস্যদের লক্ষ্য করে আঘাত হানা হয়। পাশাপাশি যুদ্ধের শুরুর দিকেই একটি প্রাথমিক বিদ্যালয়ে হামলার ঘটনায় প্রায় দেড় শতাধিক শিশুর মৃত্যু ঘটে।
এদিকে তেহরানের পশ্চিমে অবস্থিত মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন এলাকাতেও হামলার খবর পাওয়া গেছে। গুরুত্বপূর্ণ এই বিমানবন্দর ঘিরে হামলার ঘটনা সামরিক ও বেসামরিক নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। সূত্র: আলজাজিরা