ইরানের পেট্রোকেমিক্যাল অঞ্চলে মার্কিন-ইসরায়েলি হামলা

ইরানের খুজেস্তান প্রদেশে একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে, যেখানে মার্কিন ও ইসরায়েলি বাহিনীর হামলার অভিযোগ উঠেছে। প্রদেশটির ডেপুটি গভর্নর ভ্যালিওল্লাহ হায়াতি জানিয়েছেন, মাহশাহর বিশেষ পেট্রোকেমিক্যাল অঞ্চলে এই হামলা চালানো হয়।

তার দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার (৪ এপ্রিল) সকাল ১০টা ৪৫ মিনিটে প্রাদেশিক রাজধানী আহভাজ-এর পূর্ব ও পশ্চিমে টানা তিনটি বিস্ফোরণ ঘটে। যদিও ওই সময় পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এর মাত্র দুই মিনিট পর, অর্থাৎ ১০টা ৪৭ মিনিটে মাহশাহরের পেট্রোকেমিক্যাল স্থাপনাগুলোতে আরও তিনটি শক্তিশালী বিস্ফোরণ ঘটে। এতে ফজর ১, ফজর ২, রেজাল ও আমির কবির পেট্রোকেমিক্যাল কারখানা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান তিনি। তবে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি, যদিও হতাহতের আশঙ্কা উড়িয়ে দেওয়া হয়নি।

এছাড়া বেলা ১১টার দিকে খোররামশাহর-এর শলামচেহ সীমান্ত বাণিজ্য টার্মিনালেও হামলার ঘটনা ঘটে, যেখানে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। পরবর্তীতে আবু আলী পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স এবং বন্দর-ই ইমাম খোমেনি স্থাপনাতেও আঘাত হানা হয়, যার ফলে আংশিক ক্ষয়ক্ষতি হয়েছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, মাহশাহর ও বন্দর-ই ইমাম খোমেনি এলাকায় হামলায় অন্তত পাঁচজন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জরুরি ভিত্তিতে সব কর্মীকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

তবে কর্তৃপক্ষ জানিয়েছে, এখন পর্যন্ত কোনো ক্ষতিকর রাসায়নিক পদার্থ ছড়িয়ে পড়েনি, ফলে পার্শ্ববর্তী শহরগুলোর জন্য তাৎক্ষণিক কোনো হুমকি নেই। তবুও পুরো এলাকায় সতর্কতা জোরদার করা হয়েছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। সূত্র: তাসনিম নিউজ এজেন্সি