সৌদি আরবের রাজধানী রিয়াদে মার্কিন দূতাবাসে হামলার ঘটনায় ইসরায়েলকে দায়ী করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, এই হামলার সঙ্গে ইরানের সশস্ত্র বাহিনীর কোনো ধরনের সম্পৃক্ততা নেই।
আইআরজিসির জনসংযোগ শাখা দাবি করেছে, মধ্যপ্রাচ্যে ‘জায়নবাদী শত্রু’ হিসেবে পরিচিত ইসরায়েল-এর কৌশলের অংশ হিসেবেই এই হামলা চালানো হয়েছে। তাদের ভাষ্য অনুযায়ী, আঞ্চলিক অস্থিতিশীলতা তৈরির উদ্দেশ্যেই এমন ঘটনা ঘটানো হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, ইরানের সশস্ত্র বাহিনী তাদের লক্ষ্যবস্তুর তালিকা আগেই নির্ধারণ করে রেখেছে এবং সেই তালিকার বাইরে কোনো ধরনের অভিযান পরিচালনা করা হয় না। পাশাপাশি প্রতিবেশী ও মুসলিম দেশগুলোকে ইসরায়েলের সম্ভাব্য অস্থিতিশীল কর্মকাণ্ড সম্পর্কে আগেই সতর্ক করা হয়েছে বলেও উল্লেখ করা হয়।
এছাড়া মধ্যপ্রাচ্যের দেশগুলোর প্রতি আহ্বান জানিয়ে আইআরজিসি বলেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্ভাব্য যৌথ ষড়যন্ত্র সম্পর্কে সতর্ক থাকতে হবে।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ বেশ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা নিহত হওয়ার পর থেকেই উত্তেজনা চরমে পৌঁছায়। এরপর থেকেই ইরানের বিভিন্ন সামরিক ও বেসামরিক স্থাপনায় ধারাবাহিক হামলা চালানো হয়।
এর জবাবে ইরানও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন ও ইসরায়েলি ঘাঁটি এবং সংশ্লিষ্ট স্থাপনাগুলোতে পাল্টাপাল্টি আঘাত হানছে। ফলে পুরো অঞ্চলজুড়ে সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা বাড়ছে। সূত্র: তাসনিম নিউজ এজেন্সি