নিখোঁজ ক্রু উদ্ধারের অভিযানের মাঝেই ইরানের ইসফাহানের আকাশে যুক্তরাষ্ট্রের একটি সি-১৩০ পরিবহন বিমান ও দুটি ব্ল্যাক হক হেলিকপ্টার ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে তেহরান। ঘটনাটি সংঘটিত হয়েছে দক্ষিণ ইসফাহান অঞ্চলে, যেখানে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে সামরিক তৎপরতা আগেই তীব্র ছিল।
ইরানি কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, উদ্ধার মিশনে থাকা মার্কিন আকাশযানগুলোকে ‘শত্রুতামূলক উপস্থিতি’ হিসেবে চিহ্নিত করে তাদের ওপর সরাসরি আঘাত হানা হয়। এতে আকাশেই বিমান ও হেলিকপ্টারগুলো বিধ্বস্ত হয় বলে দাবি করা হয়েছে।
এই ঘটনার কিছুক্ষণের মধ্যেই ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ সামাজিক মাধ্যমে একটি ছবি প্রকাশ করেন, যা দ্রুত ছড়িয়ে পড়ে। একই সময়ে রাষ্ট্রীয় টেলিভিশনেও সংশ্লিষ্ট ফুটেজ সম্প্রচার শুরু হয়, যার মাধ্যমে তেহরান ঘটনাটিকে নিজেদের সামরিক সাফল্য হিসেবে তুলে ধরতে চেয়েছে।
‘খাতাম আল-আম্বিয়া’ সদর দপ্তরের বিবৃতিতে বলা হয়, শত্রুপক্ষের উদ্ধার অভিযান ছিল ‘বেপরোয়া’ এবং তা প্রতিহত করতে গিয়ে এই হামলা চালানো হয়। তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
সূত্র: রয়টার্স