হরমুজে গত ২৪ ঘণ্টায় ১৫ জাহাজ পারাপার

গত ২৪ ঘণ্টায় ইরানের অনুমতি নিয়ে হরমুজ প্রণালি দিয়ে ১৫টি জাহাজ চলাচল করেছে। তবে যুদ্ধ শুরুর আগের তুলনায় বর্তমানে জাহাজ চলাচল প্রায় ৯০ শতাংশ কমে গেছে বলে জানানো হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) ইরানের বিপ্লবী গার্ড বাহিনী-ঘনিষ্ঠ ফারস নিউজ এজেন্সি এ তথ্য  জানিয়েছে।

ইরানের শীর্ষ কর্মকর্তারা, বিশেষ করে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি, বারবার দাবি করছেন যে হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ নয়। তাদের ভাষ্য অনুযায়ী, এটি কেবল 'শত্রু দেশগুলোর' জন্য সীমাবদ্ধ করা হয়েছে, অন্যদের জন্য আংশিকভাবে উন্মুক্ত রাখা হয়েছে।

এরই মধ্যে ইরান কিছু দেশের জন্য ছাড়ও দিয়েছে। যেমন, খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টারের এক মুখপাত্রের বরাতে জানানো হয়েছে, ইরাককে এই নিষেধাজ্ঞা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ফলে নির্দিষ্ট শর্তে কিছু জাহাজ চলাচল চালু থাকলেও পরিস্থিতি এখনো অস্বাভাবিকভাবে নিয়ন্ত্রিত।

অন্যদিকে, ইরানের কর্মকর্তারা ও আইনপ্রণেতারা হরমুজ ব্যবহারকারী জাহাজগুলোর ওপর ট্রানজিট ফি বা টোল আরোপের সম্ভাবনাও তুলে ধরেছেন। প্রেসিডেন্ট দপ্তরের এক সহকারী আগেই জানিয়েছেন, যুদ্ধের ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণে এই টোলের একটি অংশ ব্যবহারের নিশ্চয়তা পেলেই প্রণালিটি পুরোপুরি খুলে দেওয়া হতে পারে। সূত্র: বিবিসি