সাময়িক যুদ্ধবিরতিতে রাজি নয় ইরান, বন্ধই থাকছে হরমুজ

চাপের মুখে কোনো অস্থায়ী যুদ্ধবিরতিতে রাজি নয় বলে স্পষ্ট জানিয়েছে ইরান। তেহরানের ভাষ্য, কৌশলগত জলপথ হরমুজ প্রণালি খোলার প্রশ্নেও তারা সাময়িক সমঝোতায় যাবে না, বরং স্থায়ী ও বাস্তবসম্মত সমাধান ছাড়া কোনো সিদ্ধান্ত নেবে না।

বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, ওয়াশিংটন স্থায়ী যুদ্ধবিরতির জন্য প্রস্তুত নয়, এমন ধারণা থেকেই এই অবস্থান নেওয়া হয়েছে। তিনি আরও জানান, চাপ প্রয়োগ করে বা নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়ে ইরানকে সিদ্ধান্ত নিতে বাধ্য করা যাবে না।

ওই কর্মকর্তা নিশ্চিত করেছেন, পাকিস্তান একটি ‘তাৎক্ষণিক যুদ্ধবিরতি’র প্রস্তাব দিয়েছে, যা বর্তমানে তেহরান পর্যালোচনা করছে। তবে তিনি জোর দিয়ে বলেন, ইরান কোনো বাইরের চাপ বা সময়সীমার ভিত্তিতে নয়, বরং নিজেদের কৌশলগত স্বার্থ বিবেচনায় রেখে সিদ্ধান্ত নেবে।

বিশ্ব জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালি দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ তেল ও গ্যাস পরিবাহিত হয়। ফলে এই পথ বন্ধ বা সীমিত হয়ে পড়লে তার সরাসরি প্রভাব পড়ে বৈশ্বিক জ্বালানি বাজার ও অর্থনীতিতে।

তেহরান স্পষ্ট করেছে, তারা শুধুমাত্র ‘স্থায়ী ও বাস্তবসম্মত সমাধান’-এর দিকেই আগ্রহী; সাময়িক কোনো সমঝোতায় নয়। সূত্র: আলজাজিরা