ইরানের পশ্চিম আজারবাইজান প্রদেশে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে অন্তত ১৭ জনকে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। একই সঙ্গে তাদের বিরুদ্ধে 'বিচ্ছিন্নতাবাদী' ও আইএসআইএল-সম্পৃক্ত গোষ্ঠীর সঙ্গে জড়িত থাকার অভিযোগও আনা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির বরাতে দেশটির গোয়েন্দা মন্ত্রণালয় জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের একটি অংশ সংবেদনশীল সামরিক ও নিরাপত্তা স্থাপনার তথ্য যুক্তরাষ্ট্র বা ইসরায়েল-ঘনিষ্ঠ পক্ষের কাছে পাঠানোর সঙ্গে জড়িত ছিল বলে সন্দেহ করা হচ্ছে। এসব তথ্য পাচারের মাধ্যমে দেশের নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
গোয়েন্দা সংস্থার দাবি, সাম্প্রতিক সময়ে ইরানে গুপ্তচরবৃত্তি ও নাশকতার কার্যক্রম বাড়ার প্রেক্ষাপটে এই অভিযান চালানো হয়েছে। বিশেষ করে চলমান আঞ্চলিক উত্তেজনার মধ্যে বিদেশি গোয়েন্দা সংস্থাগুলোর তৎপরতা বেড়েছে বলে তেহরানের ধারণা। ফলে অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদারে নজরদারি ও অভিযান আরও কঠোর করা হয়েছে।
এর আগে সাম্প্রতিক মাসগুলোতে গুপ্তচরবৃত্তির অভিযোগে একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার এবং ২ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। মানবাধিকার সংগঠনগুলোর তথ্য অনুযায়ী, চলতি বছরে অন্তত কয়েকজনকে ফাঁসি দেওয়া হয়েছে এবং আরও অনেকে আটক রয়েছেন, যাদের বিরুদ্ধে ইরান বিরোধী শক্তির হয়ে কাজ করার অভিযোগ আনা হয়েছে। সূত্র: আলজাজিরা