মার্কিন বিমান ধ্বংসের ভিডিও ও পাইলটের নথি প্রকাশ ইরানের

ইরানের দক্ষিণ ইসফাহানে ধ্বংস হওয়া একটি মার্কিন সামরিক বিমানের অবশিষ্টাংশ এবং ওই বিমানের পাইলটের ব্যক্তিগত নথিপত্র সংবলিত একটি বিশেষ ভিডিও প্রকাশ করেছে তেহরান। 

ইরানের আইন-প্রয়োগকারী বাহিনী (ফরাজা) দাবি করে

ছে, আকাশসীমা লঙ্ঘনের দায়ে তাদের বিশেষ ইউনিটের গুলিতে মার্কিন বিমানটি ভূপাতিত হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।

ফরাজা কর্তৃক প্রকাশিত ভিডিওতে দেখা যায়, দক্ষিণ ইসফাহানের একটি নির্জন এলাকায় আমেরিকান ‘সি-১৩০’ (C-130) মডেলের একটি বিমান বিধ্বস্ত অবস্থায় পড়ে আছে। ভিডিওটিতে বিমানের ধ্বংসাবশেষের পাশাপাশি ওই বিমানের পাইলটের ফেলে যাওয়া বেশ কিছু সামরিক সরঞ্জাম ও নথিপত্রও দেখানো হয়েছে।  ইরানের দাবি, উদ্ধারকৃত নথিপত্র অনুযায়ী ওই বিমানের পাইলট ছিলেন একজন নারী।

ইরানের পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গত ৫ এপ্রিল ইসফাহান প্রদেশের দক্ষিণ অংশে ‘আমেরিকার আগ্রাসী বাহিনীর’ একটি সহায়তাকারী বিমান অনুপ্রবেশ করলে পুলিশের বিশেষ ইউনিটের সদস্যরা সেটিকে লক্ষ্য করে গুলি চালায়। এতে বিমানটি সরাসরি আঘাতপ্রাপ্ত হয়ে মাটিতে আছড়ে পড়ে। স্থানীয় সূত্রগুলোও বিমানটি গুলি করে নামানোর খবরের সত্যতা নিশ্চিত করেছে।

এই ভিডিও প্রকাশের পর ওয়াশিংটন বা পেন্টাগনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

মধ্যপ্রাচ্যে ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধের এই উত্তপ্ত পরিস্থিতির মাঝে এমন ভিডিও প্রকাশ দুই দেশের মধ্যকার মনস্তাত্ত্বিক লড়াইকে আরও তীব্র করে তুলবে বলে ধারণা করা হচ্ছে।সূত্র: তাসনিম নিউজ এজেন্সি।