৪০ দিন পর খুলেছে পবিত্র আল-আকসা মসজিদ

দীর্ঘ ৪০ দিন বন্ধ থাকার পর অবশেষে ফিলিস্তিনি মুসল্লিদের জন্য খুলে দেওয়া হয়েছে অধিকৃত পূর্ব জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদ। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসন শুরুর পর নিরাপত্তা অজুহাতে এই পবিত্র স্থানটি বন্ধ করে দিয়েছিল ইসরায়েল। পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণার পর এই ইতিবাচক পদক্ষেপটি সামনে এলো। 

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল থেকে আল-আকসা মসজিদ এবং চার্চ অফ দ্য হোলি সেপালকার পুনরায় সাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরাসহ বেশ কয়েকটি আন্তর্জাতিক সংবাদমাধ্যম এই তথ্য নিশ্চিত করেছে। 

ইসরায়েলি পুলিশ বুধবার রাতে এক বিবৃতিতে জানায়, ফ্রন্ট কমান্ডের হালনাগাদ নির্দেশিকা অনুযায়ী ৯ এপ্রিল সকাল থেকে মুসল্লি ও দর্শনার্থীদের জন্য পবিত্র স্থানগুলো খুলে দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে।

জেরুজালেমের ইসলামিক ওয়াকফ বিভাগ জানিয়েছে, বৃহস্পতিবার ফজরের নামাজের মাধ্যমেই আল-আকসায় মুসল্লিদের প্রবেশ শুরু হয়েছে। তবে নিরাপত্তার অজুহাতে জেরুজালেমের পুরাতন শহর এবং পবিত্র স্থানের প্রবেশপথগুলোতে কয়েকশ ইসরায়েলি পুলিশ ও সীমান্তরক্ষী বাহিনী মোতায়েন করা হয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আল-আকসায় সব ধরণের জনসমাগম নিষিদ্ধ করেছিল ইসরায়েল। এর ফলে এ বছর ফিলিস্তিনিরা আল-আকসায় ঈদুল ফিতরের নামাজ আদায় করতে পারেননি। ১৯৬৭ সালে ইসরায়েল কর্তৃক পূর্ব জেরুজালেম দখলের পর এই প্রথম আল-আকসায় ঈদের জামাত অনুষ্ঠিত হতে না দেওয়ার নজির তৈরি হলো।

দীর্ঘ প্রতীক্ষার পর আল-আকসা খুলে দেওয়ায় ফিলিস্তিনিদের মধ্যে খুশির আমেজ লক্ষ্য করা গেলেও, মধ্যপ্রাচ্যের সামগ্রিক যুদ্ধ পরিস্থিতির অস্থিরতা নিয়ে এখনও চরম উদ্বেগ বিরাজ করছে।