ইসরায়েলের গুরুত্বপূর্ণ নৌঘাঁটিতে হিজবুল্লাহ'র ক্ষেপণাস্ত্র হামলা

যুদ্ধবিরতি কার্যকর থাকার কথা থাকলেও মধ্যপ্রাচ্যে উত্তেজনা আবারও তীব্র আকার ধারণ করেছে। লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ দাবি করেছে, তারা ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক অবকাঠামো আশদোদ নৌঘাঁটিকে লক্ষ্য করে শুক্রবার (১০ এপ্রিল) একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ফরাসি সংবাদ সংস্থা এএফপি এই তথ্য জানিয়েছে।

হিজবুল্লাহর ভাষ্য অনুযায়ী, ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি 'বারবার লঙ্ঘন' করে লেবাননের রাজধানী বৈরুতসহ বিভিন্ন এলাকায় হামলা চালিয়েছে। সংগঠনটি দাবি করে, দুই দিন আগের ভয়াবহ বিমান হামলায় বৈরুতে ৩০০ জনেরও বেশি মানুষের মৃত্যু ঘটেছে, যার প্রতিক্রিয়াতেই এই পাল্টা আঘাত।

বিবৃতিতে আরও বলা হয়, তারা পূর্বে যুদ্ধবিরতি মেনে চললেও ইসরায়েল ধারাবাহিকভাবে আক্রমণ চালিয়ে যাচ্ছে। 'প্রতিরোধ বাহিনী' হিসেবে নিজেদের অবস্থান উল্লেখ করে হিজবুল্লাহ জানায়, সামরিক লক্ষ্যবস্তুতে এই হামলা ছিল তাদের 'বৈধ জবাব'।

হামলার লক্ষ্য হিসেবে ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগর আশদোদে অবস্থিত নৌঘাঁটিকে উল্লেখ করা হয়েছে, যা দেশটির সামরিক ও নৌ নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ একটি কেন্দ্র হিসেবে বিবেচিত।

উল্লেখ্য মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত বন্ধে যুদ্ধবিরতির জন্য পাকিস্তানে আলোচনায় বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদল। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী আগেই ঘোষণা দিয়েছেন যে লেবানন এই যুদ্ধবিরতির অংশ নয়। অপরদিকে ইরানের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে লেবানন ও যুদ্ধবিরতির 'অবিচ্ছেদ্য' অংশ। সূত্র: ডন