ইসলামাবাদে ২১ ঘণ্টার ম্যারাথন বৈঠক ব্যর্থ হওয়ার জন্য যুক্তরাষ্ট্রের উচ্চাকাঙ্ক্ষী ও অযৌক্তিক শর্তকে দায়ী করেছে ইরান। কোনো চুক্তি ছাড়াই মার্কিন প্রতিনিধি দল পাকিস্তান ত্যাগ করার পর ইরানি সূত্রগুলো জানিয়েছে, ওয়াশিংটন যুদ্ধের ময়দানে যা অর্জন করতে পারেনি, তা আলোচনার টেবিলে দখল করতে চেয়েছিল।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ফার্স নিউজ প্রতিনিধি দলের একটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, হরমুজ প্রণালী এবং ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক প্রকল্পের ওপর মার্কিন নিয়ন্ত্রণ আরোপের চেষ্টার কারণেই এই অচলাবস্থার সৃষ্টি হয়েছে। সূত্রটি জানায়, যুক্তরাষ্ট্র এমন কিছু শর্ত জুড়ে দিয়েছিল যা ইরানের সার্বভৌমত্বের পরিপন্থী।
উল্লেখ্য, গত ৬ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত তিন সপ্তাহব্যাপী সংলাপ ব্যর্থ হওয়ার পর ২৮ ফেব্রুয়ারি ইরানে 'অপারেশন এপিক ফিউরি' শুরু করে মার্কিন বাহিনী। একই সময়ে ইসরায়েলও 'অপারেশন রোয়ারিং লায়ন' নামে সামরিক অভিযান পরিচালনা করে। দীর্ঘ যুদ্ধের পর উত্তেজনা প্রশমনে গত ৭ এপ্রিল একটি যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। সেই ধারাবাহিকতায় ১১ এপ্রিল ইসলামাবাদে পুনরায় সংলাপে বসেছিল দুই দেশ।
যদিও ইরানের সরকার সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছে যে কারিগরি পর্যায়ে নথিপত্র বিনিময় চলবে, তবে শীর্ষ পর্যায়ের এই ব্যর্থতা ওই অঞ্চলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনাকে আবারও অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে। ইরান স্পষ্ট করে দিয়েছে যে, তারা হরমুজ প্রণালীতে তাদের অধিকার এবং পারমাণবিক প্রকল্পের স্বায়ত্তশাসন বজায় রাখতে বদ্ধপরিকর। সূত্র : আলজাজিরা