গাজার পথে আবারও ত্রাণবাহী বহর! ইসরায়েলি অবরোধ ভেঙে মানবিক সহায়তা পৌঁছে দিতে নতুন এই সাহসী উদ্যোগ নিয়েছে আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলো। মানবিক সহায়তা নিয়ে নতুন একটি নৌবহর স্পেনের বার্সেলোনা বন্দর থেকে যাত্রা শুরু করতে যাচ্ছে।
রোববার (১২ এপ্রিল) 'গ্লোবাল সুমুদ ফ্লোটিলা'র ব্যানারে প্রায় ৩০টি নৌযান চিকিৎসা সামগ্রী ও জরুরি ত্রাণ নিয়ে ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার কথা রয়েছে। পথিমধ্যে আরও কিছু জাহাজ এতে যুক্ত হতে পারে।
এর আগে একই সংগঠনের উদ্যোগে গত অক্টোবরে প্রায় ৪০টি নৌযান গাজায় পৌঁছানোর চেষ্টা করলে ইসরায়েলি বাহিনী তা আটকে দেয়। সে সময় সুইডিশ জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গসহ ৪৫০ জনের বেশি অংশগ্রহণকারীকে আটক করা হয়েছিল।
গাজা উপত্যকায় প্রবেশের সব পথ নিয়ন্ত্রণ করে ইসরায়েল। তারা ত্রাণ সরবরাহে বাধা দেওয়ার অভিযোগ অস্বীকার করলেও ফিলিস্তিনি ও আন্তর্জাতিক সংস্থাগুলোর দাবি, যুদ্ধবিরতির পরও সেখানে প্রয়োজনের তুলনায় ত্রাণ সরবরাহ এখনও অপর্যাপ্ত।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, সশস্ত্র সংঘাতের সময়ও আন্তর্জাতিক মানবিক আইন অনুযায়ী জনগণের নিরাপদ চিকিৎসা সেবা নিশ্চিত করা রাষ্ট্রগুলোর দায়িত্ব। আয়োজক কমিটির সদস্য ও ফিলিস্তিনি অধিকারকর্মী সাইফ আবুকেশাক বলেন, এই উদ্যোগের লক্ষ্য একটি মানবিক করিডর তৈরি করা, যাতে ত্রাণ সংস্থাগুলো গাজায় পৌঁছাতে পারে।