হরমুজ প্রণালি বন্ধ করার এখতিয়ার ইরানের নেই: আরব আমিরাত

হরমুজ প্রণালি কার্যত অচল করে দেওয়ার ইরানের পদক্ষেপের বিরুদ্ধে অবস্থান নিয়েছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির শিল্পমন্ত্রী এবং আবুধাবির রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানির প্রধান সুলতান আহমেদ আল জাবের বলেছেন, এই গুরুত্বপূর্ণ জ্বালানি রুট কখনোই ইরানের একক নিয়ন্ত্রণে ছিল না এবং এটি বন্ধ বা সীমিত করার অধিকারও তাদের নেই।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, এই প্রণালি বন্ধের চেষ্টা কোনো আঞ্চলিক বিষয় নয়, বরং এটি বৈশ্বিক অর্থনীতির একটি প্রধান লাইফলাইন ব্যাহত করার শামিল। তার মতে, এর ফলে বিশ্বজুড়ে জ্বালানি, খাদ্য ও স্বাস্থ্য নিরাপত্তা সরাসরি হুমকির মুখে পড়ে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরুর পর থেকেই তেহরান হরমুজ প্রণালি ব্যবহারকারী জাহাজগুলোকে আগুনে পুড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে আসছে। এর ফলে জাহাজ চলাচল প্রায় স্থবির হয়ে পড়েছে এবং আন্তর্জাতিক বাজারে তেল ও গ্যাসের দাম বেড়ে গেছে।

আল জাবের আরও বলেন, এ ধরনের নজির তৈরি করা অবৈধ, বিপজ্জনক এবং সম্পূর্ণ অগ্রহণযোগ্য। তার ভাষায়, বিশ্ব এমন পরিস্থিতি কোনোভাবেই বহন করতে পারে না এবং এটি প্রতিরোধ করা জরুরি। সূত্র: বিবিসি