হরমুজে অত্যাধুনিক মার্কিন ড্রোন বিধ্বস্ত

ইরানের সঙ্গে ভঙ্গুর যুদ্ধবিরতির মধ্যেই পারস্য উপসাগরে বড় ধরনের কৌশলগত ক্ষতির মুখে পড়েছে মার্কিন নৌবাহিনী। গত ৯ এপ্রিল হরমুজ প্রণালির আকাশে বিধ্বস্ত হয়েছে যুক্তরাষ্ট্রের অন্যতম অত্যাধুনিক নজরদারি ড্রোন ‘এমকিউ-৪সি ট্রাইটন’ (MQ-4C Triton)। 

২৩৮ মিলিয়ন ডলার বা প্রায় ২৪ কোটি ডলার মূল্যের এই বিশাল ড্রোন হারানোর বিষয়টি আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছে মার্কিন নৌবাহিনী।

মার্কিন নৌবাহিনীর নেভাল সেফটি কমান্ডের প্রতিবেদন অনুযায়ী, এই দুর্ঘটনাকে ‘ক্লাস এ মিশ্যাপ’ হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়েছে। ফ্লাইট ট্র্যাকিং ডেটা বলছে, ড্রোনটি ওইদিন হরমুজ প্রণালিতে নিয়মিত তিন ঘণ্টার নজরদারি মিশনে ছিলো। ইতালির সিগোনেলা ঘাঁটিতে ফেরার পথে এটি জরুরি সংকেত (৭৭০০ কোড) পাঠানো শুরু করে এবং ৫০ হাজার ফুট উচ্চতা থেকে হঠাৎ ১০ হাজার ফুটের নিচে নেমে যায়। এর কিছুক্ষণের মধ্যেই ড্রোনটি বিধ্বস্ত হয়।

নর্থরপ গ্রুম্যান নির্মিত এই ড্রোনটিকে বলা হয় ‘ডানা-ওয়ালা স্যাটেলাইট’। এটি ২৪ ঘণ্টা একটানা সমুদ্রভিত্তিক নজরদারিতে সক্ষম। আর্থিক ক্ষতির চেয়েও বড় উদ্বেগের বিষয় হলো এর উচ্চপ্রযুক্তি। বিশেষজ্ঞরা মনে করছেন, যদি কোনো প্রতিপক্ষ বা ইরান এই ড্রোনের ধ্বংসাবশেষ উদ্ধার করতে পারে, তবে যুক্তরাষ্ট্রের অত্যন্ত সংবেদনশীল গোয়েন্দা প্রযুক্তি ফাঁস হয়ে যাওয়ার বড় ঝুঁকি রয়েছে।

মার্কিন নৌবাহিনী এই দুর্ঘটনার জন্য এখন পর্যন্ত সরাসরি কোনো হামলাকে দায়ী না করলেও এর কারণ উদঘাটনে নিবিড় তদন্ত শুরু করেছে। ইরান-যুক্তরাষ্ট্র সংকটের এই সংবেদনশীল সময়ে এমন অত্যাধুনিক ড্রোন হারানো ওয়াশিংটনের জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।