ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির।
শুক্রবার (১৭ এপ্রিল) ইরানি গণমাধ্যমের বরাতে পাকিস্তানের সংবাদমাধ্যম ‘সামা টিভি’ এই তথ্য নিশ্চিত করেছে।
বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় এবং বিশেষ করে বর্তমান অস্থিতিশীল পরিস্থিতিতে আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করতে দুই দেশের সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়। এ সময় পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচিও উপস্থিত ছিলেন।
প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের পাশাপাশি পাকিস্তানের সেনাপ্রধান ইরানের ‘খাতাম আল-আম্বিয়া’ সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের কমান্ডার মেজর জেনারেল আলি আবদোল্লাহির সঙ্গেও পৃথকভাবে আলোচনা করেন।
বৈঠকে মেজর জেনারেল আবদোল্লাহি পাকিস্তান সরকার ও জনগণের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্ভাব্য আগ্রাসনের মুখে উত্তেজনাকর সময়ে পাকিস্তানের ইতিবাচক অবস্থানের কথা বিশেষভাবে উল্লেখ করেন তিনি।
ইরানি এই কমান্ডার আরও জানান, সাম্প্রতিক সামরিক উত্তেজনায় ইরান যেসব সরঞ্জাম ব্যবহার করেছে, তার সবই দেশীয়ভাবে উৎপাদিত। দেশীয় তরুণদের মেধা ও শ্রমে গড়ে তোলা এই সক্ষমতা ইরানের সশস্ত্র বাহিনীকে শক্তিশালী করেছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ভবিষ্যতে যেকোনো ধরনের আগ্রাসন মোকাবিলায় ইরানের সশস্ত্র বাহিনী সর্বাত্মক প্রতিরক্ষার জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।