ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতিকে স্বাগত জানালো সৌদি আরব

ইসরায়েল ও লেবাননের মধ্যে কার্যকর হওয়া ১০ দিনের সাময়িক যুদ্ধবিরতিকে আন্তরিকভাবে স্বাগত জানিয়েছে সৌদি আরব। এই উদ্যোগকে মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফেরানোর একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে অভিহিত করেছে রিয়াদ।

শুক্রবার (১৭ এপ্রিল) সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএ (SPA)-র বরাতে বার্তা সংস্থা এএফপি এই তথ্য নিশ্চিত করেছে।

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ঘোষিত এই যুদ্ধবিরতিকে সাধুবাদ জানিয়েছে। একই সঙ্গে তারা লেবাননের বর্তমান রাজনৈতিক নেতৃত্বের প্রচেষ্টারও ভূয়সী প্রশংসা করেছে। 

বিবৃতিতে বিশেষভাবে লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন, প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম এবং সংসদের স্পিকার নাবিহ বেরির গঠনমূলক ও ইতিবাচক ভূমিকার কথা উল্লেখ করা হয়।

দীর্ঘ এক মাসেরও বেশি সময় ধরে চলা রক্তক্ষয়ী সংঘাতের পর বৃহস্পতিবার স্থানীয় সময় মধ্যরাত থেকে দুই দেশের মধ্যে এই যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়েছে। প্রাথমিকভাবে এই বিরতির মেয়াদ ১০ দিন নির্ধারণ করা হয়েছে। তবে হোয়াইট হাউস জানিয়েছে, দুই পক্ষ সম্মত থাকলে এই সময়সীমা আরও বাড়ানো হতে পারে।