মার্কিন অবরোধ চললে হরমুজ প্রণালি আবারও বন্ধের হুঁশিয়ারি ইরানের

যুক্তরাষ্ট্র যদি ইরানি বন্দরগুলোতে তাদের অবৈধ অবরোধ ও কড়াকড়ি অব্যাহত রাখে, তবে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ‘হরমুজ প্রণালি’ আবারও বন্ধ করে দেওয়া হবে বলে চূড়ান্ত হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এই কড়া বার্তা দিয়েছেন।

শনিবার (৪ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে গালিবাফ বলেন, ‘মার্কিন অবরোধ চলতে থাকলে হরমুজ প্রণালি আর খোলা রাখা হবে না। আমরা আমাদের জাতীয় স্বার্থ রক্ষায় যেকোনো কঠোর সিদ্ধান্ত নিতে দ্বিধা করব না।’

গালিবাফ আরও স্পষ্ট করে বলেন, এই আন্তর্জাতিক জলপথ দিয়ে জাহাজ চলাচল এখন থেকে সম্পূর্ণভাবে ইরানের অনুমোদনের ওপর নির্ভর করবে। অর্থাৎ, তেহরানের বিশেষ অনুমতি বা সবুজ সংকেত ছাড়া কোনো বাণিজ্যিক বা সামরিক নৌযান এই প্রণালি অতিক্রম করতে পারবে না।

উল্লেখ্য, বিশ্বের মোট উৎপাদিত খনিজ তেলের প্রায় ২০ শতাংশ এই হরমুজ প্রণালি দিয়েই পরিবাহিত হয়। গত কয়েক সপ্তাহ ধরে ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধের প্রভাবে এই রুটটি নিয়ে বিশ্বজুড়ে চরম অস্থিরতা বিরাজ করছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইরানের অর্থনীতির টুঁটি চিপে ধরতে দেশটির বন্দরগুলোতে কঠোর অবরোধ আরোপ করেছে। এর জবাবে ইরান এখন বিশ্ব বাণিজ্যের এই ‘লাইফলাইন’ বন্ধের হুমকি দিচ্ছে।

সূত্র: আল-জাজিরা।