ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান এখনই শেষ হচ্ছে না বলে সাফ জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি সতর্ক করে বলেছেন, অভিযানে বড় সাফল্য এলেও যেকোনো মুহূর্তে যুদ্ধের নতুন পরিস্থিতি তৈরি হতে পারে।
রোববার (১৯ এপ্রিল) আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইয়ের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সংবাদ সম্মেলনে নেতানিয়াহু বলেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র বর্তমানে ইরানের ‘চরম স্বৈরাচারের’ বিরুদ্ধে একযোগে লড়াই করছে। তার ভাষায়, ‘আমরা আজ সভ্যতার পক্ষে এবং বর্বরতার বিরুদ্ধে লড়ছি। ইরানে আমরা ইতোমধ্যে বিশাল সাফল্য অর্জন করেছি। তবে এটি এখনো শেষ হয়নি।’
তিনি আরও যোগ করেন যে, ইসরায়েল তার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করবেই, যা বিশ্বের স্বাধীনতাকামী মানুষের জন্য নতুন আশার আলো বয়ে আনবে।
এদিকে, মধ্যপ্রাচ্যের এই সংঘাত নিরসনে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যখন ওয়াশিংটন ও তেহরানের মধ্যে দ্বিতীয় দফার শান্তি বৈঠকের প্রস্তুতি চলছে, ঠিক তখনই চরম নাটকীয়তা দেখা দিয়েছে। ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, তারা এই শান্তি আলোচনায় অংশ নেবে না।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ (IRNA) জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ‘অতিরিক্ত ও অযৌক্তিক দাবি-দাওয়া’, বারবার অবস্থান পরিবর্তন এবং পরস্পরবিরোধী বিবৃতির কারণে আলোচনার পরিবেশ নষ্ট হয়েছে। তেহরানের দাবি, ওয়াশিংটনের অস্থির ও খামখেয়ালি আচরণের কারণেই তারা আলোচনার টেবিল থেকে সরে দাঁড়িয়েছে।
একদিকে নেতানিয়াহুর যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা আর অন্যদিকে শান্তি আলোচনা থেকে ইরানের পিছু হঠা সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন এক দীর্ঘস্থায়ী ও বিধ্বংসী যুদ্ধের দিকে ধাবিত হচ্ছে।