শান্তিচুক্তি আলোচনায় লেবাননের প্রতিনিধিদলের নেতৃত্বে সাইমন কারাম

লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন জানিয়েছেন, ইসরায়েলের সঙ্গে চলমান আলোচনার দায়িত্ব দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত সাইমন কারাম–এর নেতৃত্বাধীন একটি প্রতিনিধিদলকে, যারা পরবর্তী কূটনৈতিক প্রক্রিয়া পরিচালনা করবে।

এক আনুষ্ঠানিক বিবৃতিতে প্রেসিডেন্ট আউন বলেন, এই আলোচনার মূল উদ্দেশ্য হলো শত্রুতামূলক কর্মকাণ্ড বন্ধ করা, দখলদারিত্বের অবসান ঘটানো এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত সীমান্তে লেবাননের সেনাবাহিনী মোতায়েন নিশ্চিত করা, যাতে রাষ্ট্রীয় স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠা করা যায়।

তিনি আরও উল্লেখ করেন, এই আলোচনা অন্য কোনো প্রক্রিয়ার সঙ্গে যুক্ত নয় এবং পরিস্থিতি এখন দুটি স্পষ্ট বিকল্পে দাঁড়িয়ে, একদিকে যুদ্ধ অব্যাহত রাখা, অন্যদিকে আলোচনার মাধ্যমে স্থিতিশীলতা প্রতিষ্ঠা করা।

প্রেসিডেন্ট আউন একই দিনে লেবাননে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মিকেল ইসা–এর সঙ্গে বৈঠক করেন এবং সেখানে চলমান যুদ্ধবিরতি টিকিয়ে রাখার বিভিন্ন উপায় ও কূটনৈতিক প্রচেষ্টা নিয়ে আলোচনা হয় বলে জানানো হয়েছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার (১৬ এপ্রিল) থেকে ইসরায়েল ও লেবাননের মধ্যে ১০ দিনের একটি যুদ্ধবিরতি কার্যকর রয়েছে, যা বর্তমান পরিস্থিতিতে আঞ্চলিক উত্তেজনা কিছুটা হলেও নিয়ন্ত্রণে রাখার চেষ্টা হিসেবে দেখা হচ্ছে। সূত্র: আলজাজিরা