'হরমুজে অবরোধ প্রত্যাহার করলে আলোচনায় বসবে ইরান'

জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আমির সাইয়েদ ইরাভানি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র যদি হরমুজ প্রণালিতে আরোপিত অবরোধ তুলে নেয়, তবে নতুন করে আলোচনায় বসতে প্রস্তুত তেহরান।

ইরানি সংবাদমাধ্যম শার্গকে দেওয়া বক্তব্যে তিনি বলেন, কোনো নতুন আলোচনার আগে যুক্তরাষ্ট্রকে অবশ্যই তাদের তথাকথিত যুদ্ধবিরতি লঙ্ঘন বন্ধ করতে হবে। তার মতে, বর্তমান পরিস্থিতিতে আস্থার পরিবেশ নেই।

তিনি আরও দাবি করেন, অবরোধ প্রত্যাহার করা হলেই পরবর্তী দফার আলোচনা পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত হতে পারে। একই সঙ্গে তিনি স্পষ্ট করেন, ইরান যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত।

রাষ্ট্রদূত জোর দিয়ে বলেন, ইরান কখনোই সামরিক আগ্রাসনের সূচনা করেনি। তার ভাষায়, যদি রাজনৈতিক সমাধান চাওয়া হয়, তাহলে ইরান আলোচনায় বসতে রাজি। আর যদি সংঘাত চাপিয়ে দেওয়া হয়, তবে সে পরিস্থিতির জন্যও প্রস্তুত তেহরান। সূত্র: আলজাজিরা