ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানের সিভিল ডিফেন্স বিভাগের এক জ্যেষ্ঠ কর্মকর্তাকে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। খবর মিজান নিউজ এজেন্সি'র।
প্রতিবেদন অনুযায়ী, অভিযুক্ত ওই কর্মকর্তা মেহদি ফারিদ সরকারি সিভিল ডিফেন্স সংস্থার একটি ব্যবস্থাপনা পদে কর্মরত ছিলেন। ইরানের সুপ্রিম কোর্ট তার বিরুদ্ধে আনা অভিযোগ বহাল রাখার পর তার ফাঁসি কার্যকর করা হয় বলে জানানো হয়েছে।
তদন্তে পাওয়া তথ্য উদ্ধৃত করে মিজান জানায়, ফারিদ স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে ইসরায়েলি গোয়েন্দা সংস্থার কাছে সংবেদনশীল তথ্য পৌঁছে দেওয়ার চেষ্টা করেছিলেন বলে জানান। এর মধ্যে ছিল সংস্থার অভ্যন্তরীণ কাঠামোর নকশা, ভবনের বিন্যাস, নিরাপত্তা ব্যবস্থার বিবরণ এবং কর্মীদের ব্যক্তিগত তথ্য।
এই ঘটনাকে কেন্দ্র করে ইরানের নিরাপত্তা কাঠামোতে বিদেশি গোয়েন্দা অনুপ্রবেশ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তবে এ বিষয়ে ইসরায়েলি কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে জানা যায়নি। সূত্র: আলজাজিরা