হরমুজ প্রণালিতে উত্তেজনা ক্রমশ বেড়েই চলেছে। বুধবার (২২ এপ্রিল) ইরানের রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে, হরমুজ প্রণালিতে চলাচলরত দুইটি জাহাজ জব্দ করে ইরানি জলসীমায় নিয়ে যাওয়া হয়েছে।
সংস্থাটির দাবি, জাহাজ দুটি যথাযথ অনুমতি ছাড়াই চলাচল করছিল এবং বারবার নৌপরিবহন নিয়ম লঙ্ঘন করছিল, এমনকি নেভিগেশন সিস্টেমে হেরফের করে সমুদ্র নিরাপত্তাকে ঝুঁকির মধ্যে ফেলেছিল। এ কারণেই তাদের আটক করা হয় বলে জানানো হয়েছে, যা ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন আইআরআইবি(IRIB) সম্প্রচার করেছে।
আইআরজিসি আরও দাবি করেছে, তারা প্রণালি থেকে গোপনে বের হওয়ার চেষ্টা করছিল এবং সেই সময়ই তাদের আটক করা হয়, যা ইরানের জাতীয় অধিকার রক্ষার অংশ হিসেবে করা হয়েছে বলে উল্লেখ করা হয়।
এদিকে ইরানি গণমাধ্যম আরও জানিয়েছে, একটি গ্রিক মালিকানাধীন তৃতীয় জাহাজকেও লক্ষ্যবস্তু করা হয়েছে এবং সেটি বর্তমানে ইরানের উপকূলের কাছে অচল অবস্থায় রয়েছে। তবে এই ঘটনার বিষয়ে এখনো কোনো স্বাধীন সূত্র থেকে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
এর আগে যুক্তরাজ্যের সামুদ্রিক নজরদারি সংস্থা ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশন্স জানিয়েছিল, ওই এলাকায় দুইটি কন্টেইনার জাহাজে হামলার ঘটনা ঘটেছে বলে তারা রিপোর্ট পেয়েছে। সূত্র: সিএনএন