ইরানকে ‘পাথর যুগে’ পাঠাতে চায় ইসরায়েল, অপেক্ষা কেবল ট্রাম্পের সিগন্যালের

ইরানের বিরুদ্ধে স্থগিত হওয়া যুদ্ধ পুনরায় শুরু করার জন্য সব ধরণের প্রস্তুতি সম্পন্ন করেছে ইসরায়েল। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ জানিয়েছেন, তারা এখন কেবল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘সবুজ সংকেত’ বা অনুমতির অপেক্ষায় আছেন। 

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) এক ভিডিও বিবৃতিতে তিনি এই চরম হুঁশিয়ারি দেন।

ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘আমাদের সেনাবাহিনী রক্ষণাত্মক ও আক্রমণাত্মক- উভয় দিক থেকেই প্রস্তুত। আমরা ইতোমধ্যে ইরানের ভেতরকার লক্ষ্যবস্তুগুলো সুনির্দিষ্টভাবে চিহ্নিত করেছি। আমাদের মূল লক্ষ্য হলো ইরানকে অন্ধকার যুগ ও পাথর যুগে ফিরিয়ে নেওয়া।’

তিনি আরও জানান, ইরানের জাতীয় অর্থনৈতিক কাঠামো ভেঙে দিতে তাদের প্রধান জ্বালানি ও বিদ্যুৎ অবকাঠামোতে বিধ্বংসী হামলা চালানো হবে।

ইসরায়েল কাৎজ তার বিবৃতিতে এক ভয়াবহ পরিকল্পনার কথা উল্লেখ করেন। তিনি বলেন, ‘আমরা যুক্তরাষ্ট্রের অনুমতির অপেক্ষায় আছি- প্রথমত খামেনি বংশধারাকে পৃথিবী থেকে সম্পূর্ণভাবে নির্মূল করার জন্য। এবার যখন হামলা শুরু হবে, তা হবে আগের চেয়ে অনেক বেশি ভিন্ন এবং প্রাণঘাতী। আমরা ইরানের সবচেয়ে সংবেদনশীল স্থানগুলোতে আঘাত হানব, যা দেশটির ভিত্তি কাঁপিয়ে দেবে।’

ইসরায়েলের এই রণহুঙ্কারের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত মঙ্গলবার ঘোষণা করেছেন যে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়ানো হয়েছে। গত ৮ এপ্রিল থেকে কার্যকর হওয়া এই যুদ্ধবিরতির মূল উদ্দেশ্য ছিল তেহরানের সঙ্গে আলোচনার পথ প্রশস্ত করা।

তবে আলোচনার ভবিষ্যৎ নিয়ে এখনো ধোঁয়াশা কাটেনি। নতুন দফার এই আলোচনা পাকিস্তানে হওয়ার কথা থাকলেও বর্তমান অস্থিতিশীল পরিস্থিতির কারণে তা অনিশ্চয়তার মুখে পড়েছে। সূত্র: আল আরাবিয়া