আরাঘচি'র নেতৃত্বে পাকিস্তান যাচ্ছে ইরানের প্রতিনিধিদল

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধ অবসানের লক্ষ্যে সরাসরি আলোচনা পুনরায় শুরু করার প্রচেষ্টার অংশ হিসেবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি পাকিস্তান সফরে যাচ্ছেন বলে জানিয়েছে কূটনৈতিক সূত্র।

সূত্র অনুযায়ী, তিনি শুক্রবার (২৪ এপ্রিল) রাতে একটি ছোট প্রতিনিধি দল নিয়ে ইসলামাবাদে পৌঁছানোর কথা রয়েছে। এটিকে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পুনরারম্ভের পথে একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

তবে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরনা (IRNA) জানিয়েছে, এই সফর মূলত দ্বিপক্ষীয়, অর্থাৎ পাকিস্তানের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকেই সীমাবদ্ধ থাকবে। একই সঙ্গে সফর শেষে তার মস্কো ও মাস্কাটে যাওয়ার কথাও রয়েছে।

ইসলামাবাদের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, সাম্প্রতিক ফোনালাপ ও কূটনৈতিক যোগাযোগের পর যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় অগ্রগতির একটি সম্ভাবনা তৈরি হয়েছে।

এর আগে ওয়াশিংটনের একটি প্রতিনিধি দল পাকিস্তানে আলোচনার জন্য প্রস্তুতি নিলেও সমুদ্র অবরোধের বিষয়টি নিয়ে মতবিরোধের কারণে পরিস্থিতি স্থবির হয়ে পড়ে। যুক্তরাষ্ট্র ১৩ এপ্রিল থেকে ইরানের বন্দরগুলোর ওপর নৌ-অবরোধ আরোপ করে, যা আলোচনায় বড় বাধা হয়ে দাঁড়ায়।

এদিকে সাম্প্রতিক সময়ে হরমুজ প্রণালিকে ঘিরে উত্তেজনা বৃদ্ধি পায়, যেখানে উভয় পক্ষই একে অপরের জাহাজ আটক ও হামলার অভিযোগ তোলে।

কূটনৈতিক সূত্রগুলো বলছে, আলোচনার মূল ইস্যুগুলোর মধ্যে রয়েছে ইরানের পারমাণবিক কর্মসূচি, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এবং হরমুজ প্রণালির ভবিষ্যৎ নিয়ন্ত্রণ ব্যবস্থা। সূত্র: আলজাজিরা