ধরিয়ে দিলে ১ কোটি টাকা পুরস্কার, কে এই ইরাকি নেতা?

ইরানের মদতপুষ্ট ইরাকি সশস্ত্র গোষ্ঠীকে ঘিরে চাপ বাড়াতে নতুন পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র। গোষ্ঠী কাতায়েব সাইয়িদ আল-শুহাদা কেএসএস-এর শীর্ষ নেতা হাশিম ফিনইয়ান রহিম আল সারাজি ওরফে আবু আলা আল ওয়ালাইয়ের অবস্থান সম্পর্কে তথ্য দিলে তথ্যদাতাকে ১ কোটি ডলার পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে ওয়াশিংটন।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, কেএসএসের বিরুদ্ধে ইরাকে বেসামরিক নাগরিক হত্যা, বাগদাদে মার্কিন দূতাবাসে হামলা এবং ইরাক ও সিরিয়ায় অবস্থিত মার্কিন ঘাঁটিতে আক্রমণের অভিযোগ রয়েছে। এসব হামলার সঙ্গে সংশ্লিষ্টতার কারণেই সংগঠনটির শীর্ষ নেতৃত্বকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শুধু অর্থ পুরস্কারই নয়, তথ্যদাতাকে পরোক্ষভাবে যুক্তরাষ্ট্রে পুনর্বাসনের সুযোগও দেওয়া হতে পারে। অর্থাৎ, নিরাপত্তা ও আশ্রয়ের বিষয়টিও বিবেচনায় রাখা হবে।

বর্তমানে ইরাকের পার্লামেন্টে শিয়া জোট সংখ্যাগরিষ্ঠ, এবং কেএসএস সেই জোটের একটি গুরুত্বপূর্ণ অংশ। এই প্রেক্ষাপটে আবু ওয়ালাই কেবল সশস্ত্র গোষ্ঠীর নেতা নন, বরং একজন সংসদ সদস্য হিসেবেও সক্রিয়।

এছাড়া ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল উত্তেজনার সময় কেএসএসের বিরুদ্ধে বাগদাদ বিমানবন্দর, মার্কিন দূতাবাস এবং বিদেশি তেল কোম্পানিগুলোর দপ্তরে হামলার অভিযোগও উঠেছে। এসব হামলার পরিকল্পনা ও নির্দেশনায় আবু ওয়ালাইয়ের সংশ্লিষ্টতার কথা উল্লেখ করা হয়েছে। সূত্র : এএফপি, টাইমস অব ইসরায়েল