প্রায় দুই মাস বন্ধ থাকার পর ইরানের প্রধান আন্তর্জাতিক প্রবেশদ্বার ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দর আবারও খুলে দেওয়া হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) সকালে তেহরানে অবস্থিত এই বিমানবন্দরটি চালুর খবর জানিয়েছে দেশটির আধা সরকারি সংবাদমাধ্যম মেহের নিউজ।
তবে বিমানবন্দর খুললেও পূর্ণমাত্রার কার্যক্রম এখনো শুরু হয়নি। প্রাথমিক পর্যায়ে সীমিত আকারে ফ্লাইট চালু করা হয়েছে। মেহের নিউজের তথ্য অনুযায়ী, ওমানের রাজধানী মাসকাট, তুরস্কের ইস্তাম্বুল এবং সৌদি আরবের মদিনার উদ্দেশ্যে যাত্রীবাহী ফ্লাইট পরিচালনা শুরু হয়েছে।
ইরানের পরমাণু কর্মসূচি ও ক্ষেপণাস্ত্র ইস্যু ঘিরে দীর্ঘদিনের উত্তেজনার পর ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের বিভিন্ন স্থানে বিমান হামলা শুরু করে। সেই দিনই নিজেদের আকাশসীমা ও সব বিমানবন্দর বন্ধ করে দেয় তেহরান, কার্যত আন্তর্জাতিক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
প্রায় ৪০ দিন সংঘাত চলার পর ৮ এপ্রিল যুক্তরাষ্ট্র ১৪ দিনের যুদ্ধবিরতি ঘোষণা করে। পরবর্তীতে ২১ এপ্রিল এক ঘোষণায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়ান, যা শেষ হওয়ার কথা ছিল ২২ এপ্রিলের আগে।
যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর তিন দিনের মাথায় বিমানবন্দর খুলে দেওয়া ও অন্যান্য কার্যক্রমের মাধ্যমে সংঘাত-পরবর্তী পরিস্থিতিতে ধীরে ধীরে স্বাভাবিকতার দিকে ফিরতে শুরু করেছে ইরান, যদিও কার্যক্রম এখনো সীমিত পর্যায়েই রয়েছে। সূত্র : আলজাজিরা