ইরানের বন্দরগুলোর ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত অবরোধ অব্যাহত থাকলে কঠোর প্রতিক্রিয়ার মুখোমুখি হতে হবে ওয়াশিংটনকে এমন হুঁশিয়ারি দিয়েছে দেশটির সামরিক বাহিনী। রাষ্ট্রীয় ঘনিষ্ঠ সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে।
ইরানের সামরিক কমান্ড কাঠামোর কেন্দ্রীয় দপ্তর হযরত খাতাম আল-আনবিয়া জানিয়েছে, দেশের সশস্ত্র বাহিনী আগের যেকোনো সময়ের তুলনায় এখন আরও শক্তিশালী এবং সম্পূর্ণ প্রস্তুত অবস্থায় রয়েছে। তাদের দাবি, সার্বভৌমত্ব, ভূখণ্ড এবং জাতীয় স্বার্থ রক্ষায় তারা সর্বোচ্চ সক্ষমতা নিয়ে প্রস্তুত।
বিবৃতিতে আরও বলা হয়, সাম্প্রতিক সময়ের সংঘাত পরিস্থিতিতে সেনাবাহিনী তাদের আক্রমণাত্মক সক্ষমতার একটি অংশ প্রদর্শন করেছে, যা তাদের সামরিক শক্তির একটি প্রমাণ হিসেবে উল্লেখ করা হয়েছে।
একই সঙ্গে ইরান জানায়, তারা হরমুজ প্রণালির কৌশলগত নিয়ন্ত্রণ এবং আঞ্চলিক সামরিক গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। যেকোনো নতুন আগ্রাসনের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের বিরুদ্ধে আরও বড় মাত্রার ক্ষতি করার সক্ষমতা রাখে বলেও দাবি করা হয়। সূত্র: আলজাজিরা