তেহরানের শর্ত দিয়ে ইসলামাবাদ ছাড়লেন আরাঘচি

মধ্যপ্রাচ্যের সংঘাত নিরসনে পাকিস্তানের মধ্যস্থতায় শুরু হওয়া শান্তি আলোচনায় এক নাটকীয় মোড় লক্ষ্য করা গেছে। হোয়াইট হাউসের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল ইসলামাবাদে পৌঁছানোর ঠিক আগমুহূর্তে পাকিস্তান ত্যাগ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ও তার দল। সরাসরি সংলাপে না বসলেও, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ বন্ধের বিষয়ে তেহরানের পক্ষ থেকে একগুচ্ছ আনুষ্ঠানিক দাবিনামা পাকিস্তানি নেতাদের হাতে তুলে দিয়েছেন আরাঘচি।

এর আগে ইসলামাবাদে অবস্থানকালে ইরানের এই প্রতিনিধি দলটি পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেন। আল-জাজিরার তথ্যমতে, আরাঘচি তার এই সফরে যুদ্ধের অবসান ঘটাতে ইরানের অনড় অবস্থান ও শর্তগুলো স্পষ্টভাবে অবহিত করেছেন। পাকিস্তান সফর শেষ করে ইরানের প্রতিনিধি দলটি এখন তাদের কূটনৈতিক সফরের পরবর্তী অংশ হিসেবে ওমান ও রাশিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছে।

অন্যদিকে, হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানিয়েছেন যে, শান্তি আলোচনার এই প্রক্রিয়াকে এগিয়ে নিতে শনিবারই (২৫ এপ্রিল) পাকিস্তানে পা রাখছে মার্কিন প্রতিনিধি দল। এই দলে রয়েছেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ উইটকভ এবং ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার। গত এপ্রিলে দুই দেশের মধ্যকার দীর্ঘস্থায়ী আলোচনা স্থবির হয়ে পড়ার পর এটিই প্রথম বড় কোনো কূটনৈতিক উদ্যোগ।

বর্তমানে ইসলামাবাদ এই পরোক্ষ আলোচনার কেন্দ্রে অবস্থান করছে। একদিকে ইরানের প্রতিনিধি দল তাদের দাবি পেশ করে চলে গেছে, অন্যদিকে মার্কিন প্রতিনিধি দল সেই বার্তা পর্যালোচনা করতে ইসলামাবাদে আসছে। সূত্র: আলজাজিরা।