যুক্তরাষ্ট্রের কঠোর অবস্থানে আলোচনা ব্যর্থ: আরাঘচি

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ–এ তেহরান-ওয়াশিংটন সংলাপ ব্যর্থ হওয়ার জন্য সরাসরি যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। 

সোমবার (২৭ এপ্রিল) রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে এ পৌঁছানোর পর তিনি এ মন্তব্য করেন।

আরাঘচি বলেন, যুক্তরাষ্ট্রের কঠোর অবস্থান ও অতিরিক্ত দাবির কারণেই অগ্রগতি থাকা সত্ত্বেও আগের দফার আলোচনা কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে পারেনি। তিনি জানান, এই সফরেই রুশ প্রেসিডেন্ট  ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার বৈঠক হওয়ার কথা রয়েছে।

নিজের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করা একটি ফারসি সাক্ষাৎকারে আরাঘচি জানান, সেন্ট পিটার্সবার্গে পৌঁছে তিনি মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতি নিয়ে রুশ মিত্রদের সঙ্গে বিস্তারিত আলোচনা করবেন।

ইসলামাবাদে মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠক শেষে রাশিয়ায় পৌঁছে তিনি আরও বলেন, কোন শর্তে আলোচনা এগিয়ে নেওয়া যেতে পারে, সে বিষয়েও কথাবার্তা হয়েছে। একইসঙ্গে তিনি হরমুজ প্রণালি বন্ধ রাখার বিষয়টিও উল্লেখ করেন।

তিনি বলেন, এই গুরুত্বপূর্ণ সমুদ্রপথে নিরাপদ নৌ-চলাচল একটি বৈশ্বিক ইস্যু। পাশাপাশি ওমানসহ প্রতিবেশী দেশগুলোকে পারস্পরিক স্বার্থ রক্ষায় একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

আরাঘচি আরও ইঙ্গিত দেন, ইরান ও ওমানের মধ্যে বিভিন্ন বিষয়ে মিল রয়েছে এবং প্রণালিকে ঘিরে ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে দুই দেশের মধ্যে একটি সমঝোতাও হয়েছে।